ফেনী
সন্ধ্যার পর স্কুলশিক্ষার্থীদের ঘোরাঘুরি না করতে মাইকিং

ছবি: আগামীর সময়
ফেনী শহরে সন্ধ্যার পর কিশোরদের, বিশেষ করে স্কুলশিক্ষার্থীদের বাইরে থাকতে মানা করে চলছে মাইকিং। ফেনী জেলা প্রশাসকের নির্দেশে জেলা তথ্য অফিস শুক্রবার সন্ধ্যায় ও শনিবার দুপুরে শহরের বিভিন্ন পয়েন্টে মাইকিং করে।
জেলা প্রশাসন সূত্র বলছে, শহরের বিভিন্ন স্থানে গত এক মাসে কিশোর অপরাধ বেড়েছে বলে অভিযোগ। কোথাও কোথাও কিশোররা মাদক সেবন করছে, লিপ্ত হয়েছে সংঘর্ষে। এলাকায় চুরি, ছিনতাইসহ নানা অপকর্মের সঙ্গে জড়িত হচ্ছে কিশোররা।
কয়েকটি স্কুলের শিক্ষার্থীদের এসব অপরাধের সঙ্গে জড়িত হওয়ার তথ্য মিলেছে। সম্প্রতি জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এসব বিষয়ে আলোচনা হয়েছে। সেই সভায় অভিভাবকদের সচেতন করতে ও কিশোরদের সতর্ক করতে মাইকিংয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ফেনী জেলা প্রশাসক মনিরা হক গণমাধ্যমকর্মীদের বলেছেন, সন্ধ্যার পর স্কুলশিক্ষার্থীদের অযথা ঘোরাঘুরি না করার বিষয়ে সতর্ক করা হয়েছে। এরা নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হয়ে পড়ছে। এজন্য অভিভাবকদের সচেতন থাকতে হবে বলে মনে করেন তিনি।




