আয়ের খোঁজ শখের বাগিচায়

শখের বসে মাল্টা বাগান করেছিলেন বগুড়া মহানগরের কৃষক হযরত আলী। বিদেশি ফলের স্বাদ ও চাষের সম্ভাবনা থেকে তার এই উদ্যোগের শুরু। পাঁচ বছরের ব্যবধানে সেই শখই এখন আয়ের উৎস। প্রায় এক বিঘা জমিতে মাল্টা চাষ করে বছরে প্রায় লাখ টাকা লাভ করছেন তিনি।
প্রায় ৬০ বছর বয়সী হযরত আলীর বাড়ি মহানগরের ১৯ নম্বর ওয়ার্ডের ডাকুরচক এলাকায়। বাড়ির সামনের পৈতৃক জমিতে গড়ে তুলেছেন মাল্টা বাগান। একসময় সেখানে বরই চাষ করতেন। ফলন আশানুরূপ না হওয়ায় পরে পেয়ারা চাষ শুরু করেন। তাতেও সন্তুষ্ট হতে পারেননি। এরপর মাল্টা চাষের কথা শুনে আগ্রহী হন তিনি।
২০২১ সালে ১৮ শতাংশ জমিতে বারি-৪ জাতের মাল্টার চারা রোপণ করেন। দুই বছর পর গাছে ফল আসতে শুরু করে। পাশাপাশি অল্প কিছু ভিয়েতনামি বারোমাসি জাতের মাল্টার চারাও লাগিয়েছিলেন। ফলের স্বাদ ও গুণগত মান ভালো হওয়ায় পরে এ জাতের চাষ বাড়ানোর সিদ্ধান্ত নেন। পুরনো কিছু গাছ সরিয়ে নতুন চারাও রোপণ করেন। বর্তমানে পাশাপাশি দুটি বাগানে তার মাল্টাগাছের সংখ্যা ২২০টি। এর মধ্যে ৮০টি পুরনো গাছে সম্প্রতি ফল ধরেছে। বাকিগুলো নতুন।
হযরত আলীর ভাষায়, বছরে তিন দফায় ফল পাওয়া গেলেও মূল মৌসুমের ফুল আসে মার্চ মাসে। প্রতিটি গাছে গড়ে প্রায় ৫০ কেজি মাল্টা পাওয়া যায়। বগুড়ার মাটিতে উৎপাদিত ভিয়েতনামি জাতের মাল্টা বেশ মিষ্টি ও রসালো। ফলের মান ভালো হওয়ায় পাইকাররা বাগানে এসেই মাল্টা কিনে নিয়ে যান।
তবে মাল্টা চাষে সম্ভাবনার পাশাপাশি রয়েছে কিছু চ্যালেঞ্জও। বিশেষ করে ছত্রাক ও পোকার আক্রমণ সামলাতে নিয়মিত পরিচর্যা করতে হয়। হযরত আলীকে মাসে দুবার গাছে ওষুধ প্রয়োগ করতে হয়। তার ভাষ্য, এসব রোগবালাই নিয়ন্ত্রণ করতে না পেরে অনেক কৃষক লোকসানে পড়েছেন। কেউ কেউ চাষও ছেড়ে দিয়েছেন।
তারপরও নিজের বাগান থেকে লাভের মুখ দেখছেন এই কৃষক।
হযরত আলী জানালেন, গতবার মূল মৌসুমে উৎপাদন খরচ বাদে তার লাভ হয়েছিল ৯০ হাজার টাকা। বছরের বাকি দুই দফায় যে ফলন হয়, তাতে মূলত উৎপাদন খরচ উঠে আসে।
বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে, জেলার প্রায় প্রতিটি উপজেলাতেই মাল্টা চাষ হচ্ছে। কৃষি বিভাগ থেকে বেশ কয়েকজন কৃষককে প্রদর্শনী বাগানও করে দেওয়া হয়েছে। এসব বাগানের উৎপাদিত ফল স্থানীয় চাহিদা পূরণে ভূমিকা রাখছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়ার উপপরিচালক সোহেল মো. শামসুদ্দিন ফিরোজের ভাষ্য, অনেক কৃষক মাল্টা বাগান করছেন। তবে এখনো কৃষকের অনুকূল বাজার গড়ে ওঠেনি। মানুষের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে মাল্টার জাত উন্নয়নের বিষয়টি নিয়ে তারা ভাবছেন।



