বড়লেখায় গরুর সঙ্গে বাইকের ধাক্কায় প্রাণ গেল তরুণের
বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি

সাদিক আহমদ
মৌলভীবাজারের বড়লেখায় সড়কে গরুর সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় এক তরুণ নিহত হয়েছেন। আজ সোমবার দুপুরে দুর্ঘটনাটি ঘটে বড়লেখা-চান্দগ্রাম আঞ্চলিক সড়কের তালিমপুর এলাকায়। এ ঘটনায় গরুটিও মারা গেছে।
নিহত তরুণের নাম সাদিক আহমদ (২০)। উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের পূর্ব সুজাউল গ্রামের কাইতাবন্দ এলাকার কাতারপ্রবাসী আব্দুল বাছিতের ছেলে।
এসব তথ্য নিশ্চিত করেছেন বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ওবায়দুল হক।
স্থানীয়দের বরাতে তিনি জানান, আজ দুপুরে সাদিক মোটরসাইকেল নিয়ে তালিমপুর গ্রামে তার বোনের বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। পথে তালিমপুর এলাকায় সড়কে থাকা একটি গরুর সঙ্গে তার মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। একই ঘটনায় গরুটিও মারা যায়।
ওবায়দুল হক বলেছেন, সড়কে গরুর সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় এক তরুণ নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে।




