বগুড়ায় আলাদা সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু

দুঘটনায় আহত তিনজন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ছবি: আগামীর সময়
বগুড়ায় আলাদা সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তিনজন। আজ সোমবার এই দুটি ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কাহালু উপজেলার পাইকড় ইউনিয়নের রামপুর গ্রামের মজনু মেম্বারের ছেলে মো. সাপিকুল (৪০), জাহাঙ্গীর আলমের ছেলে মো. আরাফাত (৪০) এবং কাহালু উপজেলার বানদিঘী এলাকার মোছা. খাদিজা (৫১)।
পাইকড় ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল বাছেদ জানান, গতকাল দিবাগত রাতে রামপুর গ্রামের মো. আশরাফুল স্ট্রোক করেন। তার ভাই নজরুল, ভাতিজা আরাফাত, প্রতিবেশি রফিকুল ও সাপিকুল একটি অটোরিকশায় করে করে তাকে নিয়ে ঠেঙ্গামারা টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে রওয়ানা দেন। হাসপাতালে গেটে ঢোকার সময় ভোর সোয়া ৪টার দিকে একটি বাস অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই সাপিুকল ও আরাফাতের মৃত্যু হয়। আহত হন আশরাফুল, রফিকুল ও নজরুল। তারা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
ইউপি সদস্য বাছেদ জানিয়েছেন, হতাহতরা তার স্বজন ও প্রতিবেশি। আশরাফুলকে আইসিইউতে রাখা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয়দের বরাতে শাহজাহানপুর থানার ওসি আশিক ইকবাল জানান, খাদিজা তার এক স্বজনের মরদেহ নিয়ে অ্যাম্বুলেন্সে করে কাহালুর দিকে যাচ্ছিলেন। সকাল সাড়ে ১০টার দিকে শাজাহানপুর উপজেলার রানীর হাট এলাকায় পৌঁছালে ব্রিজের রেলিংয়ের সঙ্গে অ্যাম্বুলেন্সটির ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে খাদিজা মারা যান। মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
কুন্দারহাট হাইওয়ে থানার ওসি রইস উদ্দিন বলেছেন, ‘দুটি ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’




