বিদ্যুৎ বিল নিয়ে সরকারকে ‘গালাগাল’ করা সেই সিফাতের জামিন নামঞ্জুর

সিফাত আব্দুল্লাহ। সংগৃহীত ছবি
অতিরিক্ত বিদ্যুৎ বিল আসা নিয়ে ফেসবুকে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ‘গালাগাল’ করার অভিযোগে গ্রেপ্তার সিফাত আব্দুল্লাহর (২৫) জামিন নামঞ্জুর করেছেন আদালত।
আজ সোমবার দুপুরে গাজীপুর মেট্টোপলিটন আদালত-৫ এর বিচারক রাকিবুল হাসানের আদালতে সিফাতের জামিনের আবেদন করা হয়। শুনানি শেষে আদালতের বিচারক জামিন নামঞ্জুর করেন।
সিফাতের আইনজীবি রাশেদুল ইসলাম বলেছেন, ‘শুনানি শেষে রাষ্ট্রপক্ষের বিরোধিতায় সিফাতের জামিন না মঞ্জুর হয়। এখন আমরা সেশন কোর্টে যাব।’
তিনি বললেন, ‘সিফাত বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিয়ে যে বক্তব্যের কারণে আলোচনায় এসেছেন, সে বিষয়টি এজাহারে নেই। রাষ্ট্রপক্ষের আইনজীবীরাও শুনানিতে এ বিষয় তোলেননি।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মহানগর আদালতের পিপি অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান বলেছেন, ‘সিফাত ফ্যাসিবাদের দোসর। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়। তিনি আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছেন। তিনি ৫ আগস্টের আগে থেকেই ফ্যাসিস্টদের হয়ে কাজ করেছেন, তা এখন অব্যাহত রেখেছেন।’
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে সিফাতকে প্রধানমন্ত্রী ও সরকারসংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে আপত্তিকর ভাষায় বক্তব্য দিতে দেখা যায়। ওই ভিডিওতে তিনি তার বাসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল এবং বিদ্যুৎ পরিস্থিতি নিয়েও ক্ষোভ প্রকাশ করেন। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি পুলিশের নজরে আসে।
এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হওয়ার পর গত বৃহস্পতিবার রাতে পুলিশ গ্রেপ্তার করে আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী সিফাতকে। গত শুক্রবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
সিফাত গাজীপুর মহানগরীর (৩৮ নম্বর ওয়ার্ড) টিনের মসজিদ এলাকার সিকান্দর আলীর ছেলে।







