বিদ্যুৎ বিল নিয়ে সিফাতের অভিযোগ, কী বলছে পল্লী বিদ্যুৎ সমিতি

বিদ্যুৎ বিল নিয়ে সিফাতের অভিযোগ নিয়ে তদন্ত করেছে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১। ছবি: সংগৃহীত
অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ তুলে ফেসবুকে ভিডিও প্রকাশ করেছিলেন কলেজছাত্র সিফাত আব্দুল্লাহ। ভিডিওতে গত দুই মাসে প্রায় ১০ হাজার টাকা বিদ্যুৎ বিল পরিশোধের দাবি করেন তিনি। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা ও সমালোচনা শুরু হলে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে অশালীন ও কুরুচিপূর্ণ ভাষা ব্যবহারের অভিযোগে তাকে গ্রেপ্তার করে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কারাগারে পাঠানো হয়। তবে বিদ্যুৎ বিল বেশি আসার অভিযোগ তদন্ত করে ভিন্ন তথ্য পেয়েছে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১।
সিফাত আব্দুল্লাহ তার ভিডিওতে দাবি করেন, গত দুই মাসে, অর্থাৎ জুলাই ও আগস্টে, প্রায় ১০ হাজার টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করেছেন তিনি। বিষয়টিকে অগ্রহণযোগ্য উল্লেখ করে পরে একটি ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘এক মাসের বিদ্যুৎ বিল একটা পুরো পরিবারকে জিম্মি কইরা ফেলবো?’
তবে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর বোর্ড বাজার জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক মো. আহসান কবীর স্বাক্ষরিত তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, সিফাত আব্দুল্লাহর বাবার নাম মো. সেকান্দার আলী। গাজীপুর মহানগরীর ৩৮ নম্বর ওয়ার্ডে তাদের দোতলা বাড়িতে মোট তিনটি আবাসিক বিদ্যুৎ মিটার সংযোগ রয়েছে।
তদন্ত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, একটি মিটারে, যার নম্বর S000433*7, মে মাসে ৪৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিল আসে ৩১৭ টাকা। জুনে ৫০ ইউনিটের বিল ৩৪২ টাকা, জুলাইয়ে ১৫০ ইউনিটের বিল ১ হাজার ১৮২ টাকা এবং আগস্টে ৭৫ ইউনিটের বিল আসে ৫১৩ টাকা। এই মিটারে চার মাসে মোট ৩২০ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে বিল এসেছে ২ হাজার ৩৫৪ টাকা।
অন্য একটি মিটার, যার নম্বর S000218*5, তাতে মে মাসে ২৫০ ইউনিটের বিল আসে ১ হাজার ৮১২ টাকা। জুনে ২০০ ইউনিটের বিল ১ হাজার ৫৮৪ টাকা, জুলাইয়ে ৪০০ ইউনিটের বিল ৩ হাজার ৫৯৪ টাকা এবং আগস্টে ২৮৫ ইউনিটের বিল আসে ২ হাজার ৩৯৭ টাকা। এই মিটারে চার মাসে মোট ১ হাজার ১৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে বিল এসেছে ৯ হাজার ৩৮৭ টাকা।
তৃতীয় মিটারটির নম্বর S000424*7। এতে মে মাসে ১২৫ ইউনিটের বিল আসে ৮৪৭ টাকা, জুনে ১২০ ইউনিটের বিল ৬৯০ টাকা, জুলাইয়ে ২০৫ ইউনিটের বিল ১ হাজার ৬৩৩ টাকা এবং আগস্টে ১৭৫ ইউনিটের বিল আসে ১ হাজার ৩৬২ টাকা। চার মাসে এই মিটারে মোট ৬২৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে বিল এসেছে ৪ হাজার ৫৩২ টাকা।
তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, মে থেকে আগস্ট ২০২৬ পর্যন্ত চার মাসে তিনটি আবাসিক মিটারে মোট ২ হাজার ৮০ ইউনিট বিদ্যুৎ ব্যবহার হয়েছে। এ সময়ে তিন মিটার মিলিয়ে মোট বিল এসেছে ১৬ হাজার ২৭৩ টাকা।
প্রতিবেদনে আরও বলা হয়, গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর বোর্ড বাজার জোনাল অফিসের কর্মকর্তারা সিফাতের বাড়িতে গিয়ে বৈদ্যুতিক পণ্যের প্রকৃত তালিকা সংগ্রহ করতে চাইলে তা দিতে অস্বীকৃতি জানানো হয়। পরে বাড়ির গেট বন্ধ করে দেওয়া হয়।
পল্লী বিদ্যুৎ সমিতি সংশ্লিষ্টরা বলছেন, সিফাত আব্দুল্লাহ যে বাড়িতে বসবাস করেন, সেখানে একটি নয়, মোট তিনটি আবাসিক বিদ্যুৎ মিটার রয়েছে। তাই বিদ্যুৎ বিল নিয়ে কোনো অভিযোগ বা দাবি মূল্যায়নের ক্ষেত্রে শুধু একটি মিটারের বিল নয়, বাড়িটির সব মিটারের ব্যবহার ও বিলের হিসাব বিবেচনায় নেওয়া প্রয়োজন।






