বোয়ালখালীতে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ, ‘জয় বাংলা’ স্লোগান

চট্টগ্রামের বোয়ালখালীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ১৯ নভেম্বরের ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেছেন ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার গোমদণ্ডী ফুলতলা এলাকার আরাকান সড়ক অবরোধ করা হয়। এ সময় তারা ‘জয় বাংলা’ স্লোগান দেন। সড়কে আগুন জ্বালিয়ে অবরোধের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আরিফুল হাসান রুবেল ফেসবুকে পোস্ট দিয়ে অবরোধের বিষয়টি নিশ্চিত করেছেন। পোস্টে তিনি দাবি করেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক জ্যেষ্ঠ সহ-সভাপতি মিজানুর রহমানের নির্দেশে নেতাকর্মীরা আরাকান সড়ক অবরোধ করেছেন।
এর আগে বোয়ালখালী পৌরসভা ছাত্রলীগের সহসভাপতি মো. ইরফাত উদ্দিন ইফতু ফেসবুকে অবরোধের ঘোষণা দেন। তিনি লেখেন, ‘যারা বলেছিলেন, বোয়ালখালীকে গোপালগঞ্জ হতে দিবে না। তাদের উদ্দেশ্যে বলতেছি, অল্প কিছুক্ষণের মধ্যে দেখিয়ে দিব কিভাবে গোপালগঞ্জে রূপান্তরিত করতে হয়।’
এর প্রায় এক ঘণ্টা পর আরেকটি পোস্টে তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মিজানুর রহমানের নির্দেশে সড়ক অবরোধের কথা জানান।
এর আগের দিন বুধবার সন্ধ্যায় উপজেলার পশ্চিম গোমদণ্ডী চরখিজিরপুর এলাকার ৮ নম্বর ওয়ার্ডে যুবলীগের ব্যানারে মশাল মিছিল করা হয়। ১৯ নভেম্বরের ‘লকডাউন’ কর্মসূচি সফল করতে এ মিছিল করা হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়।
ওই দিন রাত ১ টার দিকে কানুনগোপাড়া-কালাইয়ারহাট-পটিয়া সড়কে অবরোধ করে আগুন জ্বালানোর ঘটনাও ঘটে।
বৃহস্পতিবার সন্ধ্যায়ও উপজেলা যুবলীগের নেতাকর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে সড়ক অবরোধ করে কর্মসূচি পালন করেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়া হয়। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহ-সম্পাদক মো. খালেদ মাসুদ ফেসবুকে দেওয়া এক পোস্টে উল্লেখ করেন, উপজেলা ছাত্রলীগের এমরানের সার্বিক সহযোগিতায় যুবলীগ ও ছাত্রলীগের নেতৃত্বে আওয়ামী লীগের ১৯ নভেম্বরের ‘লকডাউন’ কর্মসূচি সফল করতে বোয়ালখালীতে সড়ক অবরোধ করা হয়েছে।
এ বিষয়ে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, ভিডিওতে সড়কে পেট্রল ঢেলে আগুন দেওয়ার মতো ঘটনা দেখা যাচ্ছে। তবে ঘটনাটি কোথায় ঘটেছে, তা এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। অন্ধকারের কারণে ভিডিওতে আশপাশের এলাকা বোঝা যাচ্ছে না।
তিনি আরও বলেন, পুলিশের সদস্যরা বিভিন্ন এলাকায় টহল দিচ্ছেন। ছাত্রদলের নেতাকর্মীরাও মোটরসাইকেল নিয়ে বিভিন্ন স্থানে ঘুরছেন। তবে এখনো ঘটনাস্থল শনাক্ত করা যায়নি। কারা এবং কোথায় এ ঘটনা ঘটিয়েছে, তা শনাক্তের চেষ্টা চলছে।




