সাভারে মাদানী সুপার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

গ্রাফিকস: আগামীর সময়
সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ডসংলগ্ন মাদানী সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চার ইউনিট।
আজ বুধবার সন্ধ্যা ৬টার দিকে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের এ মার্কেটে আগুন লাগে। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যায় মাদানী সুপার মার্কেটে আগুন দেখতে পান স্থানীয়রা। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ট্যানারি ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মো. তুষার আলী জানান, সন্ধ্যা ৬টার দিকে হেমায়েতপুর বাসস্ট্যান্ডের একটি মার্কেটে আগুন লাগার খবর পান তারা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। বর্তমানে ট্যানারি ফায়ার সার্ভিসের দুটি ও সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিটসহ মোট চারটি ইউনিট আগুন নেভানোর চেষ্টা করছে।
প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর তদন্তসাপেক্ষে এ বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।



