বগুড়ায় ডেঙ্গুতে যুবকের মৃত্যু

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: আগামীর সময়
বগুড়ায় গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে আনন্দ মণ্ডল (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ৮ টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) মারা যান তিনি।
আজ বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার সাজ্জাদ উল ইসলাম।
আনন্দের বাড়ি সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায়।
শজিমেক হাসপাতালের উপরিচালক ও মিডিয়া মুখপাত্র মনজুর এ মোর্শেদ জানান, তিন দিন আগে আনন্দ এই হাসপাতালে ভর্তি হয়েছিলেন আনন্দ। মঙ্গলবার রাতে তিনি মারা যান। মরদেহ বাড়ি নিয়ে গেছেন তার স্বজনরা।
জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় বগুড়ায় ১১ জনের নতুন করে ডেঙ্গু রোগ শনাক্ত হয়েছে।
এ নিয়ে জেলায় এখন পর্যন্ত ১ হাজার ৩০৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ২১২ জন। মারা গিয়েছেন ২ জন। বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ৮৩ জন রোগী, জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।




