সৈয়দপুরের ২৪ ক্যাম্পে মিটারহীন বিদ্যুৎ চলছে, বকেয়া ৭০ কোটি
- কয়েক হাজার পরিবারে মিটারবিহীন সংযোগ
- মিটার বসাতে গিয়ে বাধার মুখে নেসকো
- পুনর্বাসনের নিশ্চয়তা ছাড়া বিল পরিশোধে রাজি নন ক্যাম্পবাসী
- বিদ্যুৎ বিল আদায় নিয়মিত সংযোগ নিয়ে অচলাবস্থা

বিদ্যুৎ ব্যবহার করছেন বছরের পর বছর; কিন্তু অধিকাংশ বাসাবাড়িতে নেই বিদ্যুতের মিটার। জমেছে প্রায় ৭০ কোটি টাকার বিল। বকেয়া পরিশোধের পাশাপাশি নতুন করে মিটার স্থাপনের উদ্যোগ নিয়েছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)। তবে পুনর্বাসনের নিশ্চয়তা ছাড়া নতুন সংযোগ ও বিল পরিশোধে আগ্রহী নন সৈয়দপুরের কয়েকটি অবাঙালি ক্যাম্পের বাসিন্দারা। ফলে আদালতের নির্দেশনা, দফায় দফায় বৈঠক ও প্রচার-প্রচারণার পরও মিটার স্থাপন করতে পারছে না বিদ্যুৎ বিভাগ।
নীলফামারীর সৈয়দপুর শহরে ২৮টি অবাঙালি ক্যাম্প রয়েছে। এর মধ্যে ২৪টি ক্যাম্পে কয়েক হাজার পরিবার বসবাস করে। নেসকো সূত্রে জানা গেছে, এসব ক্যাম্পে প্রতি মাসে বিদ্যুতের চাহিদা প্রায় তিন মেগাওয়াট। রান্না, আলো, বৈদ্যুতিক পাখাসহ বিভিন্ন গৃহস্থালি কাজে তারা বিদ্যুৎ ব্যবহার করেন। মিটারবিহীন সংযোগের কারণে বিদ্যুৎ সরবরাহব্যবস্থায় অতিরিক্ত চাপ সৃষ্টি হচ্ছে। অন্যদিকে, নিয়মিত বিল আদায় না হওয়ায় বকেয়ার পরিমাণও বাড়ছে।
নেসকোর হিসাব অনুযায়ী, ক্যাম্পগুলোর বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে প্রায় ৭০ কোটি টাকা। এর মধ্যে ২০১৬ সালের মার্চের আগের বকেয়া ৪০ কোটি ২৭ লাখ ৭৮ হাজার ১৬২ টাকা। বিদ্যুৎ বিভাগ ২০২৪ সালের ২৬ জুন এক চিঠিতে জানায়, ২০২৬ সালের মার্চ থেকে ক্যাম্পগুলোর বিদ্যুৎ বিল আর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় পরিশোধ করবে না। তবে ২০১৬ সালের মার্চের আগের বকেয়া পরিশোধের বিষয়টি বিবেচনায় রাখা হয়।
এদিকে, ক্যাম্পবাসীদের করা মামলার পরিপ্রেক্ষিতে ২০২২ সালে উচ্চ আদালত নতুন করে বিদ্যুৎ-সংযোগ এবং ২০১৬ সালের মার্চের আগের বকেয়া বিল পরিশোধের বিষয়ে সিদ্ধান্ত দেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
২০২৫ সালের ২৫ মে নেসকোর ৮২তম সভায় ক্যাম্পগুলোর বকেয়া ও চলতি মাসের বিল আদায় এবং নতুন করে মিটার স্থাপনের সিদ্ধান্ত হয়। এরপর ক্যাম্প প্রতিনিধিদের সঙ্গে একাধিক বৈঠক করে নেসকো। প্রচার-প্রচারণাও চালানো হয়; কিন্তু মিটার স্থাপনের উদ্যোগে এখনো সম্মতি মেলেনি।
ক্যাম্প উন্নয়ন কমিটির সভাপতি মাজেদ ইকবাল বললেন, ‘মিটারসহ নতুন সংযোগ নিতে এবং নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করতে রাজি আছি। তবে একই সঙ্গে আমাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।’
সৈয়দপুর চামড়া গুদাম ক্যাম্পের বাসিন্দা মো. ওয়াকিল জানিয়েছেন, তারা দীর্ঘদিন ধরে ছোট ছোট ঘরে গাদাগাদি করে বসবাস করছেন। এখন বিদ্যুৎ বিল দিতে বলা হচ্ছে। তারা বিল দিতে আপত্তি করছেন না, তবে আগে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।
মুন্সিপাড়া ক্যাম্পের বাসিন্দা সানজিদা খাতুনের ভাষ্য, ক্যাম্পের বিদ্যুতের লোড কমিয়ে রাখা হয়েছে। এতে বয়স্কদের নিয়ে তাদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। পুনর্বাসন না হওয়া পর্যন্ত নতুন সংযোগ চান না তারা।
সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার বলেছেন, বিদ্যুৎ বিল আদায়ের পাশাপাশি ক্যাম্পবাসীদের দীর্ঘদিনের মানবিক ও নাগরিক সমস্যার সমাধান জরুরি। সংশ্লিষ্ট সব পক্ষের আলোচনার মাধ্যমে বিদ্যুৎ বিল, নিয়মিত সংযোগ ও পুনর্বাসনের বিষয়ে সমন্বিত সিদ্ধান্ত নিতে হবে।
নেসকোর নির্বাহী প্রকৌশলী মো. আলীমুল ইসলাম সেলিম বলেছেন, আদালতের রায় ও নেসকোর ৮২তম সভার সিদ্ধান্ত অনুযায়ী, ক্যাম্প প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়েছে। কয়েক দফা মিটার স্থাপনের উদ্যোগ নিয়েও ক্যাম্পবাসীদের বাধার মুখে ফিরে আসতে হয়েছে। একপর্যায়ে পুলিশি সহায়তা নিয়েও কাজ করা সম্ভব হয়নি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে মিটার স্থাপনের চেষ্টা অব্যাহত রয়েছে।



