৯ মাসেই কোরআন মুখস্থ এক শিশুর, আরেকজনের ১৪ মাসে

দুই শিশু হাফেজ
পবিত্র কোরআনের ৩০ পারা মুখস্থ করে হাফেজ হওয়ার গৌরব অর্জন করেছে চাঁদপুরের দুই শিশু শিক্ষার্থী। তাদের একজন মাত্র ৯ মাস ১০ দিনে এবং অন্যজন ১৪ মাসে সম্পূর্ণ কোরআন মুখস্থ করেছে।
একই মাদ্রাসার এই দুই শিক্ষার্থীর সাফল্যে পরিবার, শিক্ষক ও মাদ্রাসা সংশ্লিষ্টদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।
ওই দুই শিক্ষার্থী হলো মোহাম্মদ হোসাইন আহমদ (১০) ও মোহাম্মদ ইকরাম প্রধানীয়া (১০)। তারা চাঁদপুর শহরের ওয়ারলেস বাজার এলাকায় অবস্থিত জামিয়া ইসলামিয়া ফজলুল উলুম মাদ্রাসা ও এতিমখানার হিফজ বিভাগের শিক্ষার্থী।
তাদের মধ্যে মোহাম্মদ হোসাইন আহমদ মাত্র ৯ মাস ১০ দিনে পবিত্র কোরআনের ৩০ পারা মুখস্থ করেছে। অন্যদিকে মোহাম্মদ ইকরাম প্রধানীয়া ১৪ মাসে সম্পূর্ণ কোরআন মুখস্থ করেছে।
মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষক হাফেজ মো. মোবারক করিম পাটোয়ারীর তত্ত্বাবধানে তারা এ সাফল্য অর্জন করে।
মাদ্রাসার পরিচালক মাওলানা আল আমিন জানান, কোমলমতি শিক্ষার্থীদের কোরআনের হাফেজ হিসেবে গড়ে তুলতে এ প্রতিষ্ঠানে সঠিক পরিচর্যা, স্নেহ-মমতা ও আন্তরিকতার সঙ্গে পাঠদান করা হয়। শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতা বিকাশের পাশাপাশি ইলম, আমল ও নৈতিক শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
তিনি আরও জানান, আধুনিক শিক্ষার সমন্বয়ে শিক্ষার্থীদের দেশ ও সমাজের জন্য যোগ্য, দক্ষ ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার চেষ্টা চলছে। ওলামায়ে কেরাম, শিক্ষার্থীদের অভিভাবক ও স্থানীয় ব্যক্তিদের সহযোগিতা অব্যাহত থাকলে ভবিষ্যতেও এ ধরনের সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখা সম্ভব হবে।



