নন্দীগ্রামে মাইক্রোবাস থেকে ককটেল নিক্ষেপ, বিএনপির বিক্ষোভ

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত আটটার দিকে এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি।
পুলিশ ও স্থানীদের ভাষ্য, রাতে নাটোরের দিক থেকে আসা একটি সাদা রঙের মাইক্রোবাস থেকে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় একটি ককটেল নিক্ষেপ করা হয়। উপস্থিত লোকজন কিছু বুঝে ওঠার আগেই মাইক্রোবাসটি দ্রুত বগুড়ার দিকে চলে যায়। পরে বিকট শব্দ ও ধোঁয়া দেখে সেখানে ককটেল বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত হন স্থানীয় লোকজন।
এ ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল বের করে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। মিছিলটি পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতা-কর্মীরা হামলার তীব্র নিন্দা জানান। তারা এ ঘটনার জন্য নিষিদ্ধ আওয়ামী লীগকে দায়ী করেন এবং জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানান।
বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করে নন্দীগ্রাম থানার ওসি তারিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।



