বিঘায় লাভের আশা ৫ লাখ

গ্রাফিকস: আগামীর সময়
মেহেরপুরের গাংনী উপজেলার গাছে গাছে ঝুলছে পাকা মাল্টা। অনুকূল আবহাওয়া ও কম রোগবালাইয়ের কারণে চলতি মৌসুমে ফলনও ভালো হয়েছে।
পাশাপাশি বাজারে ভালো দাম পাওয়ায় লাভের মুখ দেখছেন চাষিরা। তাদের কেউ কেউ বিঘাপ্রতি প্রায় ৫ লাখ টাকা লাভের আশা করছেন। মাল্টা চাষ ঘিরে গ্রামীণ অর্থনীতিতেও তৈরি হচ্ছে নতুন সম্ভাবনা।
জেলার কসবা গ্রামের রুয়ার মাঠে মাল্টা চাষ করে সেই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিয়েছেন তরুণ উদ্যোক্তা নুরুজ্জামান রুবেল।
পাঁচ বছর আগে তার বাবা রফিকুল ইসলাম ছয় বিঘা জমিতে প্রায় ৬০০টি মাল্টা ও কমলাগাছ রোপণ করেন।
প্রথম দুই বছর পরিবারের চাহিদা মেটানোর পর তৃতীয় বছর থেকে বাণিজ্যিকভাবে ফল বিক্রি শুরু করেন রুবেল। খন সেই বাগানই তার আয়ের অন্যতম উৎস।
রুবেল জানালেন, সেচ, সারসহ প্রতি বিঘায় মাল্টা চাষে খরচ হয় প্রায় ৫০ হাজার টাকা। সব খরচ বাদ দিয়ে প্রায় ৫ লাখ টাকা লাভ করা সম্ভব। চলতি মৌসুমে ছয় বিঘার বাগান থেকে প্রায় ৩০ লাখ টাকা আয়ের আশা করছেন তিনি।



