আগামীর সময়

এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে ট্রাকের ধাক্কা, নিহত ১

এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে ট্রাকের ধাক্কা, নিহত ১

সংগৃহীত ছবি

মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বিকল ট্রাকের পেছনে আরেকটি ট্রাকের ধাক্কায় একজনের প্রাণ গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

আজ বৃহস্পতিবার ভোর পৌনে ৬টার দিকে শ্রীনগরের পুরনো ফেরিঘাট আন্ডারপাসের ওপর মাওয়ামুখী এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম এ তথ্য জানান।

নিহত ট্রাক চালক ২৩ বছর বয়সী শওকত বেপারী শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার কাজিরহাট এলাকার দবির বেপারীর ছেলে।

আহত ২৪ বছর বয়সী ইমরান মণ্ডল সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার মোড়দহ বাঙ্গালা এলাকার আবদুল আজিজের ছেলে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা বলছে, ত্রুটি মেরামতের জন্য একটি ট্রাক এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে ছিল। এ সময় একই দিকে আসা অপর একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে ধাক্কা দেয়। এতে সামনের ট্রাকের চালকের সহকারী আহত হন এবং পেছনের ট্রাকের চালকের সহকারী গাড়ির ভেতরে আটকে পড়েন।

খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের সদস্যরা গিয়ে আটকে পড়া ব্যক্তিকে উদ্ধার করেন। পরে আহতদের ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ট্রাক চালক শওকত বেপারীকে মৃত ঘোষণা করেন।


দুর্ঘটনার পর এক্সপ্রেসওয়েতে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি সরিয়ে নেওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয় বলে সফিকুল জানিয়েছেন।

    শেয়ার করুন: