চীনের কাছে ক্ষেপণাস্ত্র মোতায়েন করছে জাপান

সংগৃহীত ছবি
চীনের নিকটবর্তী দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মার্চের শেষ নাগাদ জাপান দীর্ঘপাল্লার পাল্টা আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র মোতায়েন করতে যাচ্ছে। দেশটির সংশ্লিষ্ট কর্মকর্তারা সোমবার এ তথ্য জানিয়েছেন।
সরকারের প্রধান মুখপাত্র ও প্রধান মন্ত্রিপরিষদ সচিব মিনোরু কিহারা নিয়মিত জানান, কিউশু অঞ্চলের কুমামোতোতে টাইপ–১২ ভূমি-থেকে-জাহাজ ক্ষেপণাস্ত্র মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে গ্রাউন্ড সেলফ-ডিফেন্স ফোর্স। এই ক্ষেপণাস্ত্রের পাল্লা প্রায় ৬২০ মাইল।
তিনি আরো জানান, প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হলে প্রতিরক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে স্থানীয় বাসিন্দাদের অবহিত করবে।
পূর্ব চীন সাগরে চীনের ক্রমবর্ধমান নৌতৎপরতার প্রেক্ষাপটে জাপান তার সামরিক সক্ষমতা জোরদারের উদ্যোগ নিয়েছে।
জাপান ‘পাল্টা আঘাত’ সক্ষমতা গড়ে তুলতে চায়, যাতে দেশটি সরাসরি হামলার শিকার হলে এসব ক্ষেপণাস্ত্র ব্যবহার করে শত্রুর ঘাঁটিতে আঘাত হানতে পারে।
গত নভেম্বরে দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি ইঙ্গিত দেন, স্বশাসিত তাইওয়ানের ওপর কোনো হামলা হলে টোকিও সামরিকভাবে হস্তক্ষেপ করতে পারে। এরপর থেকেই জাপান ও চীনের সম্পর্ক দ্রুত অবনতির দিকে যেতে শুরু করে।
তাকাইচির ওই মন্তব্যের পর বেইজিং টোকিওর ওপর অর্থনৈতিক চাপ বাড়িয়েছে এবং চীনা নাগরিকদের জাপান ভ্রমণ থেকেও নিরুৎসাহিত করেছে।

