‘পিছু হটলেন ট্রাম্প!’

সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইরানের সরাসরি কোনো যোগাযোগ হয়নি, এমনকি ‘কোনো মধ্যস্থতাকারীর মাধ্যমেও নয়’। ইরানের নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রের বরাতে দেশটির সংবাদ সংস্থা ফার্স নিউজ এ তথ্য জানিয়েছে।
সূত্রটি দাবি করেছে, ইরান তাদের পক্ষ থেকে বিদ্যুৎকেন্দ্রে পাল্টা হামলার হুঁশিয়ারি দেওয়ার পর ট্রাম্প ‘পিছু হটেছেন’। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ট্রাম্প ইরানের সঙ্গে আলোচনা চলছে বলে দাবি করলেও সূত্রটি এই ধরনের কোনো যোগাযোগের কথা সম্পূর্ণ অস্বীকার করেছে।
অন্যদিকে, আফগানিস্তানের রাজধানী কাবুলে অবস্থিত ইরানি দূতাবাস ট্রাম্পের ঘোষণার প্রতিক্রিয়ায় বলেছে, ইরানের ‘কঠোর সতর্কবার্তার’ কারণেই ট্রাম্প আক্রমণ থেকে বিরত থেকেছেন।
এ ছাড়া ইরানের সংবাদ সংস্থা তাসনিম নিউজ একটি প্রতিবেদনের শিরোনাম করেছে, ‘পিছু হটলেন ট্রাম্প!’
এর আগে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও জ্বালানি অবকাঠামোর ওপর ‘যে কোনো ধরনের’ সামরিক হামলা পাঁচ দিনের জন্য স্থগিত করার নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলমান আলোচনা ও বৈঠকে অগ্রগতির কথা উল্লেখ করে তিনি এ নির্দেশনার কথা জানান।
আল্টিমেটামের সময়সীমার ঠিক কয়েক ঘণ্টা আগে ট্রাম্পের ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে দেওয়া এক ঘোষণায় সোমবার এই সিদ্ধান্ত জানানো হয়।
এর আগে তেহরান হুঁশিয়ারি দিয়েছিল, যুক্তরাষ্ট্র ইরানের বিদ্যুৎ অবকাঠামোতে হামলা চালালে তারা ইসরায়েলের বিদ্যুৎকেন্দ্র এবং উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে বিদ্যুৎ সরবরাহকারী স্থাপনাগুলো লক্ষ্যবস্তু করবে।
ট্রাম্প বড় অক্ষরে লেখা বার্তায় বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ‘খুব ভালো ও ফলপ্রসূ আলোচনা’ হয়েছে, যা এই যুদ্ধের ‘পূর্ণাঙ্গ সমাধান’ এনে দিতে পারে।
তিনি জানান, আলোচনা পুরো সপ্তাহজুড়ে চলবে।
তবে এসব কূটনৈতিক আলোচনা সম্পর্কে তিনি বিস্তারিত কিছু জানাননি। ইরানও তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনার কথা স্বীকার করেনি।

