আগামীর সময়

আইআরজিসির প্রধান সদর দপ্তরে হামলার দাবি ইসরায়েলের

আইআরজিসির প্রধান সদর দপ্তরে হামলার দাবি ইসরায়েলের

সংগৃহীত ছবি

তেহরানে ইসলামি বিপ্লবী গার্ডের (আইআরজিসি) একটি প্রধান সদর দপ্তরসহ একাধিক সামরিক স্থাপনায় হামলা চালানোর দাবি করেছে ইসরায়েল।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) রবিবার এক বিবৃতিতে জানায়, ইসরায়েলি বিমান বাহিনী ‘ইরানি শাসনব্যবস্থার অবকাঠামোর ওপর ব্যাপক পরিসরে হামলা’ চালিয়েছে।

এর আগে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফারস জানায়, তেহরানের বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলা হয়েছে। একই সময়ে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি জানায়, তারা তেহরানের একটি আবাসিক ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে একটি শিশুকে খুঁজে বের করার চেষ্টা করছে।

আইডিএফের দাবি অনুযায়ী, হামলার লক্ষ্যবস্তু ছিল ইরানের নিরাপত্তা সংস্থার সদর দপ্তর, ‘গুরুত্বপূর্ণ অস্ত্র উৎপাদন কেন্দ্র’, পাশাপাশি ইলেকট্রনিক্স, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ওয়ারহেড-সংক্রান্ত অতিরিক্ত উৎপাদন ও গবেষণা স্থাপনাগুলো।

আইআরজিসির যে সদর দপ্তরে হামলা চালানো হয়েছে, সেটি ইরানি সেনাবাহিনীর বিভিন্ন ইউনিটের কার্যক্রম সমন্বয়, পরিস্থিতি মূল্যায়ন এবং বাসিজ আধাসামরিক বাহিনীকে নির্দেশনা দেওয়ার জন্য ব্যবহৃত হতো বলে আইডিএফ জানিয়েছে।

আইডিএফ আরও বলেছে, এই হামলা চলমান সামরিক অভিযানের অংশ, যার লক্ষ্য ইরানের ‘মূল নিরাপত্তা কাঠামো ও সক্ষমতা দুর্বল করা’।

তারা দাবি করেছে, বেসামরিক ক্ষয়ক্ষতি কমাতে নির্ভুল অস্ত্র, আকাশ নজরদারি এবং অতিরিক্ত গোয়েন্দা তথ্য ব্যবহার করা হয়েছে।

    শেয়ার করুন: