ফুসফুস ক্যানসারে আক্রান্ত পোপ, সফল অস্ত্রোপচার

ছবি: রয়টার্স
ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ চতুর্দশ লিও। তবে অস্ত্রোপচারের মাধ্যমে তার ডান ফুসফুসের আক্রান্ত অংশটি সফলভাবে অপসারণ করা হয়েছে। ভ্যাটিকানের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি।
গতকাল মঙ্গলবার ৯০ মিনিট অস্ত্রোপচার করা হয় তার ফুসফুসে। পরে ৭১ বছর বয়সী পোপের ফুসফুসে অ্যাডেনোকার্সিনোমা নামের ক্যানসার শনাক্ত হয়।
ভ্যাটিকান জানিয়েছে, ‘অস্ত্রোপচার সফল হয়েছে এবং কোনো জটিলতা দেখা দেয়নি।’ বিবৃতিতে আরও বলা হয়, ‘অস্ত্রোপচারের পর পোপ স্বাভাবিকভাবে জ্ঞান ফিরে পান। কিছুক্ষণ পর্যবেক্ষণে রাখার পর তাকে তার কক্ষে নেওয়া হয়।’
ভ্যাটিকানের ভাষ্য অনুযায়ী, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার সময় প্রথম তার ফুসফুসে গাঁটটি শনাক্ত হয়। তাকে সপ্তাহখানেক হাসপাতালে থাকতে হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বার্তা সংস্থা এএফপিকে ভ্যাটিকানের এক সূত্র জানিয়েছে, ক্যানসার শরীরের অন্য কোথাও ছড়িয়েছে কি না, তা দেখতে আরও পরীক্ষা করা হচ্ছে।
রবিবার সেন্ট পিটার্স স্কয়ারে ঐতিহ্যবাহী অ্যাঞ্জেলুস প্রার্থনা ও আশীর্বাদ দেওয়ার পর বারান্দা থেকে নিজেই অস্ত্রোপচারের খবর জানিয়েছিলেন পোপ চতুর্দশ লিও।
তিনি বলেছিলেন, ফুসফুসের গাঁটটি সীমাবদ্ধ অবস্থায় রয়েছে এবং ‘খুব প্রাথমিক পর্যায়ে’ শনাক্ত হয়েছে। তবে চিকিৎসকেরা সেটি অপসারণের পরামর্শ দিয়েছেন।
রোমের জেমেলি হাসপাতালের চিকিৎসকদের একটি দল পোপের অস্ত্রোপচার করেছে। সুস্থ হয়ে ওঠার সময় দিতে ২০ অক্টোবর পর্যন্ত তার পূর্বনির্ধারিত সব কর্মসূচি বাতিল করা হয়েছে।



