দিল্লিতে ছাত্রনেত্রী নেহা বোরা আটক, পুলিশ বাস ঘিরে বিক্ষোভ

পুলিশের হাতে আটক নেহা বোরা। ফাইল ছবি / রয়টার্স
ভারতের রাজধানী দিল্লিতে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভের মধ্যে অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) জাতীয় সভাপতি নেহা বোরাকে আটক করেছে পুলিশ। শনিবার সকালে তাকে আটক করা হয় বলে খবর পাওয়া গেছে।
নির্বাচনে অনিয়মের অভিযোগ এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে এ বিক্ষোভ চলছে।
আটকের পর নেহাকে বহনকারী পুলিশের একটি বাস ঘিরে ধরেন বিক্ষোভকারীরা। দিল্লির সফদরজং বিমানবন্দর উড়ালসড়কের কাছে এ ঘটনা ঘটে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে।
বাসটিকে ওই এলাকা থেকে বের হতে বাধা দেওয়ার চেষ্টা করেন তারা। বাসটিতে নেহার সঙ্গে অন্য ছাত্রনেতা ও আটক বিক্ষোভকারীরাও ছিলেন।
যন্তর মন্তরে বিক্ষোভ ঠেকাতে দিল্লিজুড়ে বড় ধরনের নিরাপত্তা অভিযান চালাচ্ছে পুলিশ। ককরোচ জনতা পার্টি (সিজেপি) ও অন্যান্য সংগঠন জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে সেখানে সমাবেশের ডাক দিয়েছিল।
রাজধানীতে হাজারো পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। বিভিন্ন স্থানে বসানো হয়েছে ব্যারিকেড। যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে এবং গণপরিবহনে বিধিনিষেধ দেওয়া হয়েছে। বিক্ষোভে যোগ দিতে আসা অনেককে বাস ও অন্যান্য যানবাহনে তুলে নিয়ে গেছে পুলিশ।
সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক এবং জ্যেষ্ঠ নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকেও আটক করা হয়েছে। দিল্লিতে পৌঁছানোর পর বিমান থেকেই তাদের আটক করা হয়। পরিচয়পত্র দেখানো সত্ত্বেও কয়েকজন সাংবাদিককেও পুলিশ আটক করেছে বলে খবর পাওয়া গেছে।
পুলিশ বিক্ষোভের অনুমতি দেয়নি। পর্যাপ্ত আগাম নোটিশ না দেওয়া, নির্ধারিত নির্দেশনা অনুসরণ না করা এবং জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগের কথা জানিয়ে এ সিদ্ধান্তের পক্ষে যুক্তি দিয়েছে কর্তৃপক্ষ।
বিধিনিষেধের অংশ হিসেবে দিল্লির কয়েকটি মেট্রো স্টেশন বন্ধ রাখা হয়েছে। মধ্য দিল্লির কিছু এলাকায় মোবাইল ইন্টারনেট সেবাও বন্ধ করা হয়েছে।
নেহা বোরাকে সাম্প্রতিক সময়ের নির্বাচন কমিশনবিরোধী বিক্ষোভে সক্রিয় ছাত্রনেতাদের একজন হিসেবে দেখা গেছে। এর আগে ৪ অক্টোবর যন্তর মন্তরের দিকে বিক্ষোভ মিছিলের সময়ও তাকে অন্য বিক্ষোভকারীদের সঙ্গে আটক করা হয়েছিল।
সূত্র : এনডিটিভি




