‘ফলপ্রসূ আলোচনা’
ইরানের ওপর হামলা ৫ দিন স্থগিত করলেন ট্রাম্প

সংগৃহীত ছবি
ইরানের বিদ্যুৎকেন্দ্র ও জ্বালানি অবকাঠামোর ওপর ‘যে কোনো ধরনের’ সামরিক হামলা পাঁচ দিনের জন্য স্থগিত করার নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলমান আলোচনা ও বৈঠকে অগ্রগতির কথা উল্লেখ করে তিনি এ নির্দেশনার কথা জানান।
আল্টিমেটামের সময়সীমার ঠিক কয়েক ঘণ্টা আগে ট্রাম্পের ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে দেওয়া এক ঘোষণায় সোমবার এই সিদ্ধান্ত জানানো হয়।
এর আগে তেহরান হুঁশিয়ারি দিয়েছিল, যুক্তরাষ্ট্র ইরানের বিদ্যুৎ অবকাঠামোতে হামলা চালালে তারা ইসরায়েলের বিদ্যুৎকেন্দ্র এবং উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে বিদ্যুৎ সরবরাহকারী স্থাপনাগুলো লক্ষ্যবস্তু করবে।
ট্রাম্প বড় অক্ষরে লেখা বার্তায় বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ‘খুব ভালো ও ফলপ্রসূ আলোচনা’ হয়েছে, যা এই যুদ্ধের ‘পূর্ণাঙ্গ সমাধান’ এনে দিতে পারে।
তিনি জানান, আলোচনা পুরো সপ্তাহজুড়ে চলবে।
তবে এসব কূটনৈতিক আলোচনা সম্পর্কে তিনি বিস্তারিত কিছু জানাননি। ইরানও তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনার কথা স্বীকার করেনি।
তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, তিনি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে ফোনে কথা বলেছেন।
অতীতে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে আলোচনায় তুরস্ক মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছে।
ট্রাম্পের এই ঘোষণা এমন সময় আসে, যখন সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সোমবার নতুন করে আসা ইরানি হামলা প্রতিহত করার চেষ্টা করছে।
ট্রাম্প জানান, বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি স্থগিত রাখার সিদ্ধান্তটি ‘চলমান বৈঠক ও আলোচনার সাফল্যের ওপর নির্ভরশীল’।

