গাজায় আন্তর্জাতিক বাহিনী গঠনে ইসরায়েলে মরক্কোর প্রতিনিধিদল

ছবি: রয়টার্স
গাজায় প্রস্তাবিত আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীতে মরক্কোর অংশগ্রহণের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিনিধিরা দক্ষিণ ইসরায়েলে পৌঁছেছেন বলে মঙ্গলবার জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি রাবাত।
ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কানের খবরে বলা হয়েছে, মরক্কোর সশস্ত্র বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট একটি প্রাথমিক প্রতিনিধিদল দক্ষিণ ইসরায়েলের সিভিল-মিলিটারি কো-অর্ডিনেশন সেন্টারে পৌঁছেছে। সেখানেই আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী গঠনের প্রস্তুতিমূলক কার্যক্রম সমন্বয় করা হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।
প্রতিনিধিরা যুক্তরাষ্ট্র পরিচালিত কিরিয়াত গাত সদর দপ্তরে পৌঁছেছেন। এটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী (আইএসএফ) কাঠামোর অংশ, যা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমর্থিত যুদ্ধ-পরবর্তী গাজা পরিকল্পনার অন্তর্ভুক্ত।
কান জানিয়েছে, এই উদ্যোগে মরক্কোর প্রতিনিধিদের সম্পৃক্ততার এটিই প্রথম প্রকাশ্য তথ্য।
মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত মরক্কো সরকার এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
গাজার যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়ন এবং সংশ্লিষ্ট আন্তর্জাতিক উদ্যোগগুলোর সমন্বয়ের জন্য যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে সিভিল-মিলিটারি কো-অর্ডিনেশন সেন্টার গঠন করা হয়েছে। কেন্দ্রটি মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) সহযোগিতায় পরিচালিত হচ্ছে।
আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী গাজার যুদ্ধ-পরবর্তী প্রশাসনিক কাঠামোর অন্যতম অংশ। পরিকল্পনা অনুযায়ী, অন্তর্বর্তী ব্যবস্থায় একটি শান্তি পরিষদ, গাজা নির্বাহী পরিষদ, গাজা প্রশাসনবিষয়ক জাতীয় কমিটি এবং একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী থাকবে।
এই বাহিনীর দায়িত্ব হবে রূপান্তরকালীন নিরাপত্তা নিশ্চিত করা এবং চুক্তি বাস্তবায়নে সহায়তা করা।
যুদ্ধবিরতির পর গাজার প্রশাসন ও পুনর্গঠন পরিচালনার বৃহত্তর আন্তর্জাতিক প্রচেষ্টার অংশ হিসেবে নেওয়া হয়েছে এই উদ্যোগ।
তবে মরক্কোর সম্ভাব্য প্রতিনিধিদলের আকার, তাদের দায়িত্বের পরিধি কিংবা আগামী সপ্তাহগুলোতে আরও সদস্য যোগ দেবেন কি না—এসব বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।




