পুরোদিন সাইকেল চালাই; দিনশেষে খানিকটা আরাম করি। তথাকথিত দুর্ভোগ আর ভোগ— এই দুই মিলিয়েই জীবন! সকাল হলেই সাইকেল নামক যন্ত্রে চড়ে বসি যন্ত্রীর মতো। যেতে যেতে কত অভিজ্ঞতা হয়; কতজনের সঙ্গে হাসি বিনিময় হয়। ডিঙিয়ে যাই কতজনের বাড়ির চৌকাঠ। মাঝে মাঝে মনে হয়, জীবন-নদীতে ছিপ ফেলে বসে আছি; মাছের বদলে উঠে আসে অভিজ্ঞতা। আর কদিন পরেই পাখির মতো ডানা ঝাপটে কোনো সুদূরে চলে যাবে এসব পথের পুঁথি।রাতে দেখেছি কোটা বারু শহরটি বেশ তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। এই সকালে আড়মোড়া ভাঙছে শহর। এত সকালেও রাস্তায় প্রচুর ব্যক্তিগত গাড়...