এই
শহরের রাজপথ, ফুটপাত অথবা মানুষ মিষ্টিকে মনে রাখবে না। মনে রাখার কোনো কারণ নেই। পনেরো
অথবা ষোলো বছর বয়সী মিষ্টির জীবন স্ট্রিট লাইট অথবা পাদপ্রদীপ— কোনো আলোতেই উদ্ভাসিত
নয়। জীবনে বয়ে যাওয়া অবিরল রঙের ধারার একটি আঁচড়ও তার আয়ত্তে নেই। সফলতা তাকে স্পর্শ
করেনি কোনোদিন, স্বস্তি না, জীবনের গভীর কোনো অর্থও না। মিষ্টির জীবনে একমাত্র সফলতা
মনে হয় বেঁচে থাকা; মারাত্মকভাবে প্রতিদিন বেঁচে থাকা।
গাঁজা
বিক্রি করে মিষ্টি। এখন পুরান ঢাকার হাসনাবাদ এলাকা থেকে উত্তরার দিকে ধাবমান বাসের
ডেইলি প্য...