বর্ষায় ঘন সবুজ রূপ নিয়েছে চা বাগান। দুই পাশে চা পাতার সতেজ ঘ্রাণ, মাঝখান দিয়ে এঁকেবেঁকে চলে গিয়েছে ভেজা মেঠোপথ। এই কাদাময় পথ ধরে আমাদের যাত্রা। সফরসঙ্গী স্ত্রী পুনম ও কন্যা ওয়াফিকা। আর আমাদের গাইড নাহার টি গার্ডেনের বিনয়ী ম্যানেজার ইবাদ ভাই, যার আন্তরিক আতিথেয়তায় আমরা এই চা বাগানে রাত্রিযাপনের সুযোগ পেয়েছি। আমাদের গন্তব্য পাহাড়ের কোলে লুকিয়ে থাকা এক খাসিয়াপুঞ্জি।
কিছুটা পথ এগোতেই বামে চোখে পড়ল পাহাড়ি গাছের ছায়ায় ঢাকা ছোট্ট এক নিরিবিলি গোরস্তান। ইবাদ ভাইয়ের তথ্যে জানতে পারলাম, এই...