২০৩০ বিশ্বকাপেও খেলবেন মেসি!

সংগৃহীত ছবি
২০২৬ বিশ্বকাপে ক্লোসার রেকর্ড ছাড়িয়ে বিশ্বকাপ ইতিহাসের সর্বকালের সেরা গোলদাতা এখন লিওনেল মেসি। ছয়টি বিশ্বকাপে তার মোট গোল এখন ১৮। অনেক মনে করছেন আর্জেন্টিনার জার্সিতে এটিই তার শেষ বিশ্বকাপ। তবে জন্মদিনে দেওয়া এক সাক্ষাৎকারে এই কিংবদন্তি আর্জেন্টাইন অধিনায়ক ২০৩০ বিশ্বকাপে খেলার সম্ভাবনা উড়িয়ে দেননি।
আজকেই ৩৯ বছরে পা দিয়েছেন মেসি, তবুও অবসরের প্রশ্নে তিনি মোটেও আগ্রহী নন। শতবর্ষী বিশ্বকাপে খেলার সম্ভাবনা নিয়ে জিজ্ঞেস করা হলে ইন্টার মায়ামির এই তারকা বলেছেন, জানি না। সত্যি বলতে এখন এটা নিয়ে ভাবছি না। একটু দূরের মনে হচ্ছে, তবে যেমনটা বলেছি — একদিন একদিন করে বাঁচছি, এখন শুধু বর্তমানে মনোযোগী।যতদিন অবদান রাখতে পারব, শারীরিকভাবে ভালো থাকব, সতীর্থদের সাহায্য করতে পারব ততদিন খেলে যাব।’
আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক দিয়ে শুরু করেছিলেন মেসি, বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বয়স্ক হ্যাটট্রিকের নজিরও গড়েছিলেন সেদিন। এরপর অস্ট্রিয়ার বিপক্ষে ২-০ গোলের জয়ে জোড়া গোল করে ক্লোসার ১৬ গোলের রেকর্ড ভেঙে দেন। ম্যাচে একটি পেনাল্টি মিস করলেও মেসি হাসিমুখে বলেন, ‘পেনাল্টিটা স্কোর করলে হয়তো পরের দুটো করতাম না। কখনো জানা যায় না — তবে ফলাফলে আমি খুশি।‘
৩৯তম জন্মদিনে আর্জেন্টিনার প্রশিক্ষণ ক্যাম্পে পুল-আপের ভিডিও শেয়ার করেছেন মেসি, যা তার অক্লান্ত পরিশ্রমের প্রমাণ। এই শারীরিক পরিশ্রমই তাকে সমবয়সী অনেকের চেয়ে আলাদা করে রেখেছে।
গ্রুপ জে-তে একটি ম্যাচ বাকি থাকতেই নকআউটের টিকিট নিশ্চিত করে ফেলেছে আর্জেন্টিনা। জর্ডানের বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচে তারকাদের বিশ্রাম দিতে পারেন কোচ স্কালোনি। নিউ ইয়র্কে ফাইনালের পথে মেসির এই বিধ্বংসী ফর্ম আর্জেন্টিনাকে শিরোপার সবচেয়ে বড় দাবিদার হিসেবেই রাখছে।




