শেফিল্ডে যোগ দিয়েই জয়ের দেখা পেলেন হামজা

ইংলিশ চ্যাম্পিয়নশিপে শেফিল্ড ইউনাইটেডে স্থায়ীভাবে নাম লেখানোর মাত্র একদিনের মাথায় মূল একাদশে সুযোগ পেলেন বাংলাদেশি তারকা হামজা চৌধুরী। ব্রামল লেনে বল্টন ওয়ান্ডারার্সকে ৩-২ গোলে হারিয়ে চলতি মৌসুমে নিজেদের প্রথম জয়ের স্বাদ পেয়েছে ক্রিস ওয়াইল্ডারের দল। ম্যাচটিতে হামজার পারফরম্যান্স নজর কেড়েছে।
শুরু থেকেই দুই দলের আক্রমণ ও পাল্টা আক্রমণে দারুণ রোমাঞ্চ ছড়িয়ে পড়ে। প্রথম মিনিটেই জাভি সিমন্সের গোলে এগিয়ে গিয়ে স্বাগতিকদের চাপে ফেলে দেয় বল্টন। তবে মাত্র তিন মিনিটের মধ্যে জাপহেত টাঙ্গাঙ্গার গোলে ম্যাচে সমতা ফেরায় শেফিল্ড। এমন উত্তাল শুরুর মুহূর্তে মাঝমাঠে অত্যন্ত সংযত ও পরিপক্ক পারফরম্যান্স উপহার দেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক হামজা চৌধুরী। পুরো ৯০ মিনিট মাঠে থেকে দলের জয়ে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা। ম্যাচের পুরো সময়জুড়ে বেশ ছন্দে ছিলেন এই অভিজ্ঞ মিডফিল্ডার। তিনি ৫০টি পাসের মধ্যে সফলভাবে ৪৫টিই সতীর্থদের পায়ে পৌঁছে দেন, যার পাসিং অ্যাকুরেসি ছিল ৯০ শতাংশ। এছাড়া রক্ষণভাগে দারুণ দৃঢ়তা দেখিয়ে নিজের নেওয়া চারটি ট্যাকলের প্রতিটিতেই শতভাগ সফল হয়েছেন হামজা। তবে বিরতির আগে গোলের বড় এক সুযোগ নষ্ট করেন রাইট ব্যাক পজিশনে খেলা এই তারকা।
ম্যাচের দ্বিতীয়ার্ধের ৬৭ মিনিটে স্যাম ডালবি গোল করে বল্টনকে আবারও ২-১ ব্যবধানে এগিয়ে দেন। তবে দমে যায়নি শেফিল্ড। ঠিক পরের মিনিটেই প্যাট্রিক বামফোর্ড গোল করে স্কোরলাইন ২-২ করেন। ম্যাচটি যখন ড্রয়ের দিকে এগোচ্ছিল, ঠিক তখনই যোগ করা সময়ের ৯৩ মিনিটে বদলি খেলোয়াড় রোমেল ডোনোভানের দুর্দান্ত এক গোলে ৩-২ ব্যবধানের অবিশ্বাস্য জয় নিশ্চিত করে ব্লেডরা।
এই নাটকীয় জয়ের ফলে পয়েন্ট টেবিলে ১৪তম স্থান থেকে উঠে ১০ নম্বরে উঠে এল শেফিল্ড ইউনাইটেড। জয়ের পর হামজা বলেন, ‘ব্র্যামল লেনে ফিরতে পেরে ভালো লাগছে। অবশ্যই বড় সাফল্য, যদিও কাজটা কঠিন ছিল। প্রথম মিনিটেই গোল খেয়ে পিছিয়ে পড়ে আজকের সন্ধ্যাটা আমরা শুরু করতে চাইনি। কিন্তু আমাদের দল সাহস ধরে রেখে ফের ম্যাচে ফিরেছে। এ স্টেডিয়ামটি বিশেষ, এখানকার দর্শকও বিশেষ।’








