সর্বোচ্চ গোলদাতা
মেসি-বাতিস্তুতার পর লাউতারোর ঐতিহাসিক কীর্তি

ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচের দ্বিতীয় ম্যাচে বুরকিনা ফাসোর বিপক্ষে ৭-০ গোলের দুর্দান্ত জয় পেয়েছে আর্জেন্টিনা। এই ম্যাচটি আর্জেন্টিনার গোল মেশিন লাউতারো মার্তিনেসের জন্য এক ঐতিহাসিক রাত। ম্যাচের শুরুতেই গোল করে তিনি আর্জেন্টিনার সর্বকালের সেরা গোলদাতাদের শীর্ষ তিনে উঠে এসেছেন। সেইসঙ্গে ছুঁয়েছেন সোর্হিও আগুয়েরোর ৪২ গোলের রেকর্ড।
স্তাদিও মনুমেন্তালে ম্যাচ শুরু হওয়ার মাত্র তিন মিনিটের মধ্যে এই মাইলফলক স্পর্শ করেন লাউতারো। প্রতিপক্ষের বক্সে অগাস্টিন গিয়াইকে মৌমুনি দিয়াল্লো ফাউল করলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। যদিও লাউতারোর নেওয়া প্রথম শটটি রুখে দিয়েছিলেন গোলরক্ষক রাজাক গিরা, তবে ফিরতি বল পেয়ে দ্রুত বাম পায়ের শটে বল জালে জড়াতে ভুল করেননি তিনি। লিওনেল স্কালোনির দলের হয়ে এটি তার টানা দ্বিতীয় ম্যাচে গোল। এর আগে মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে বলিভিয়ার বিপক্ষে ৪-০ গোলের জয়ের ম্যাচে ডি বক্সের ভেতর বল বুক দিয়ে রিসিভ করে দুর্দান্ত এক শটে গোল করেছিলেন লাউতারো। আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে ৮৬ ম্যাচ খেলে ৪২ গোল পূর্ণ করলেন এই স্ট্রাইকার। এখন তার লক্ষ্য সর্বকালের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা গ্যাব্রিয়েল বাতিস্তুতার ৫৪ গোলের রেকর্ড ভাঙা।
এটা সত্যি যে, আর্জেন্টিনার সর্বোচ্চ গোলদাতার তালিকার শীর্ষে থাকা লিওনেল মেসির ধারেকাছে পৌঁছানো লাউতারোর জন্য সহজ নয়। জাতীয় দলের হয়ে পুরো ক্যারিয়ারে ১২৫ গোল নিয়ে সবার ওপরে অবস্থান করছেন মেসি। আগামী মঙ্গলবার বেনিনের বিপক্ষে ম্যাচের মাধ্যমেই তার আন্তর্জাতিক অধ্যায়ের সমাপ্তি ঘটতে যাচ্ছে। তাই বুরিকনা ফাসোর ম্যাচ শেষেও আলোচনায় উঠে এসেছে মেসির বিদায়ী ম্যাচ। বুরকিনা ফাসোর বিপক্ষে নিজে গোল করার পাশাপাশি তরুণ ফরোয়ার্ড ফ্রাঙ্কো মাস্তানতুওনোর করা দলের ষষ্ঠ গোলে অ্যাসিস্ট করেন লাউতারো। লিওনেল ফ্লোরেসের বাড়ানো নিখুঁত পাস থেকে বক্সের ভেতর বল পেয়ে নিখুঁত হেডের মাধ্যমে মাস্তানতুওনোর পায়ে ঠেলে দেন লাউতারো, যা থেকে গোল করতে ভুল করেননি ফিওরেন্তিনায় যোগ দেওয়া এই তরুণ। এরপর ম্যাচের দ্বিতীয়ার্ধের ২৩ মিনিটে তাকে তুলে নিয়ে বদলি হিসেবে সান্তিয়াগো কাস্ত্রোকে নামান কোচ।
উল্লেখ্য, প্রায় আট বছর আগে স্পেনের বিপক্ষে মাদ্রিদের মেত্রোপলিতানো স্টেডিয়ামে গঞ্জালো হিগুয়াইনের বদলি হিসেবে মাঠে নেমে আলবিসেলেস্তাদের জার্সিতে অভিষেক হয়েছিল লাউতারোর। দীর্ঘ পথ পরিক্রমায় একের পর এক দলীয় সাফল্য অর্জনের পাশাপাশি এবার জাতীয় দলের ইতিহাসের অন্যতম সেরা তারকাদের সংক্ষিপ্ত তালিকায় নিজের শক্ত আসন করে নিয়েছেন।





