হামজা চৌধুরী : সর্বকালের সেরা মেসি, নেতৃত্বে এগিয়ে রোনালদো

মেসিকে সর্বকালের সেরা মনে করেন হামজা। ছবি: সংগৃহীত
বিশ্বকাপ কড়া নাড়ছে দরজায়। উত্তেজনার পারদ চড়ছে তড়তড়িয়ে। সেই উত্তেজনায় শামিল হামজা চৌধুরীও। বাংলাদেশ ফুটবলের এই মহাতারকা বৃহস্পতিবার ফেসবুকে এক ভিডিওতে কথা বলেছেন লিওনেল মেসিকে নিয়ে।
মেসিকে সর্বকালের সেরা ফুটবলার মেনে নিয়ে হামজা বলেছেন,‘ মেসিই কি সর্বকালের সেরা? আমার কাছে অবশ্যই। কোনো সন্দেহ নেই। ফুটবলটা আসলে ম্যাজিকাল।’
মেসির বার্সেলোনা ক্যারিয়ার নিয়ে হামজা বলেছেন,‘এটাই হয়তো মেসির শেষ বিশ্বকাপ। অনেকে বিশ্বাস করে এই ট্যালেন্ট নিয়ে ওর জন্ম। আজ আমরা কথা বলব লিওনেল মেসিকে নিয়ে। বার্সেলোনায় মেসির ক্যারিয়ারটা ছিল রূপকথার মতো। এক কথায় অবিশ্বাস্য। যেটা বলছিলাম, ফুটবলটা সে বদলে দিয়েছে। অনেকে মনে করে এই ট্যালেন্ট নিয়েই ওর জন্ম। আমিও মনে করি ও এই ট্যালেন্ট নিয়েই জন্মেছে। কিন্তু আজকের এই জায়গায় আসতে সে অনেক প্ররিশ্রমও করেছে।’
রোনালদোর মত মেসিও ছুটছেন ১০০০ গোলের মাইলফলকের দিকে। ৯০০ গোলের ক্লাবে নাও লিখয়েছেন এরই মধ্যে। তার অসাধারণ সব গোলের মধ্যে হামজা নিজের সেরাটা বেছে নিয়ে বলেছেন,‘বায়ার্ন মিউনিখের সঙ্গে চ্যাম্পিয়নস লিগের ওই গোলটা মেসির সেরা ছিল। বাম পা দিয়ে ভেতরে ঢুকে আবার ডান পা দিয়ে কাটালো। বোয়াটেংকে মাটিতে ফেলে নয়ারের মাথার ওপর দিয়ে বলটা চিপ করে দিল। আমার মনে হয় এই লেভেলের একটা দলের বিপক্ষে এরকম কিছু করতে পারাটাই প্রমাণ করে ও কতটা অসাধারণ।’
গত বিশ্বকাপে টাইব্রেকারে ফ্রান্সকে ফাইনালে হারিয়েছিল আর্জেন্টিনা। ৩-৩ সমতায় শেষ হওয়ার পর টাইব্রেকারে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। ফাইনাল নিয়ে হামজা বলেছেন,‘ফাইনালে পেনাল্টির সময় আমার মনে হয়েছিল, আর্জেন্টিনা হয়তো জিতে যাচ্ছে। ম্যাচটা যে কোনো দিকে যেতে পারত। এই ম্যাচে এমবাপ্পে হ্যাটট্রিক করল। কিন্তু মাচটা যখন শেষ পর্যন্ত পেনাল্টিতে যায় তখন মনে হয়েছিল জয়টা বোধহয় আর্জেন্টিনার জন্যই লেখা ছিল।’
মেসি আর রোনালদোর তুলনা চলে আসছে দুজনের ক্যারিয়ারের শুরু থেকে। হামজা এই তুলনা নিয়ে জানালেন,‘আমার মনে হয় রোনালদো আর মেসির লিডারশিপ তুলনা করলে রোনালদো অনেক এগিয়ে। বেশি প্যাশনেট না হলেও ড্রেসিংরুমে ওর একটা বড় প্রভাব আছে। মাঠে ওর অনুভূতিটা একদম স্পষ্ট বুঝিয়ে দেয়। মেসির কথা তো আগেই বললাম। ও অনেক শান্ত আর চুপচাপ। যতক্ষণ না ওর পায়ে বল আসছে। তবে রোনালদোর মতো মানুষ ওকেও অনুসরণ করে। আসলে লিডারশিপের দিক দিয়ে দুইজন দুই রকমের হলেও দুইজনই কিন্তু ভালো।’
এরপর দুজনের তুলনা নিয়ে নিজেই প্রশ্ন ছুঁড়ে বলেছেন,‘তোমাদের কাছে আমার একটা প্রশ্ন আছে। যদি সুযোগ থাকত ফাইনাল ম্যাচের জন্য একজনকে বেছে নেওয়ার তাহলে কাকে বেছে নিতে? মেসি না রোনালদো? কমেন্টে লিখে ফেল।’
লিওনেল মেসির মূল্যায়ন করকে বলে নিজেই আবার দিয়ে দিলেন দশে দশ নাম্বার,‘মেসিকে নাম্বর দাও। মনে হয় না দরকার আছে। তবু যদি করতেই হয়, সবকিছুতে দশে দশ পাবে ও। মেসির ড্রিবলিং দেখুন,পাসিং..। আন্ডাররেটেড, অথচ প্রতি মৌসুমে অনেক অ্যাসিস্ট করে। ওর ফিনিশিং অবিশ্বাস্য। সব রকম ফিনিংশ ও জানে। সেট পিসে ১০। সবক্ষেত্রেই ১০। আর আমার মনে হয় না এটা নিয়ে কেউ তর্ক করতে আসবে।’
গত বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছিলেন মেসি। ৭ গোল করে আর্জেন্টিনাকে জিতিয়েছিলেন বিশ্বকাপ। এবারের বিশ্বকাপে মেসিকে নিয়ে হামজার অনুমান,‘মেসি গত বিশ্বকাপে ৭ গোল করেছিল। এই বছরের জন্য আমার অনুমান, ও ৫ গোল করবে।’
কখনও মেসির বিপক্ষে খেলার সুযোগ হলে তাকে আটকানোর দায়িত্ব পড়ত হামজার ওপর? তখন কীভাবে মেসিকে আটকাতেন বাংলাদেশ ফুটবলের এই পোস্টার বয়? হামজা জানালেন,‘অনেকে জানতে চায় আমি মেসিকে কীভাবে আটকাতাম। এর উত্তর হল, আমি পারব না। সত্যি বলতে কেউ পারবে না।’






