১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন রদ্রিগেস

কলম্বীয় ফুটবলের ইতিহাসের অন্যতম সেরা ও প্রতিভাবান মিডফিল্ডার হামেস রদ্রিগেস তার বর্ণাঢ্য ১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তি টেনেছেন। ৩৫ বছর বয়সী এই তারকা সম্প্রতি দেশের ক্লাবে ফেরার পর জাতীয় দল থেকে সরে দাঁড়ানোর এই সিদ্ধান্ত নেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় অবসরের ঘোষণা দিয়ে রদ্রিগেস বলেন, ‘বহু বছর, বহু ম্যাচ, আনন্দের মুহূর্ত এবং কঠিন সময়ের পেরিয়ে আমি উপলদ্ধি করছি যে,জীবনের এই অধ্যায়টি বন্ধ করার সময় এসেছে। কলম্বীয় জাতীয় দলের সঙ্গে আমার যাত্রা এখানেই শেষ। দেশের জার্সি পরাটা একটি স্বপ্ন ছিল। একইসঙ্গে এটি ছিল একটি বিশাল দায়িত্বও ছিল।’
২০১১ সালের অক্টোবরে লা পাজে বলিভিয়ার বিপক্ষে জাতীয় দলে অভিষেক ঘটেছিল রদ্রিগেসের। তার ক্যারিয়ারের সবচেয়ে বড় প্রাপ্তি ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে। সেই আসরে তিনি ৫ ম্যাচে ৬ গোল করে গোল্ডেন বুট জিতেছিলেন। জাতীয় দলের স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘আমি এমন কিছু মুহূর্তের সাক্ষী হতে পেরেছি, যা আমি কখনো কল্পনাও করিনি। বিশ্বকাপ, গোল এবং অবিস্মরণীয় সেই রাত।’
রদ্রিগেস আরও যোগ করেন, ‘দারুণ কিছু জয় যা আমাদের বিশ্বাস জুগিয়েছিল এবং কিছু পরাজয় আমাদের আরও শক্তিশালী করেছিল। আমি যখন জাতীয় দলে যোগ দিয়েছিলাম তখন থেকেই চেয়েছিলাম যে আমি যখন একসময় বিদায় নেব, তখন যেন জার্সিটিকে আরও শক্তিশালী অবস্থানে রেখে যেতে পারি। পেছন ফিরে তাকালে মনে হয়, আমি তা অর্জন করতে পেরেছি।’
ব্রাজিল বিশ্বকাপের সেই দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে রদ্রিগেস স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদে যোগ দেন। সেখানে তিনি ছয় মৌসুম কাটিয়ে দুটি লা লিগা শিরোপা জেতেন। ক্লাব ক্যারিয়ারে বায়ার্ন মিউনিখ ও এভারটনের মতো ক্লাবেও খেলেছেন তিনি। ২০২২ সাল থেকে তিনি অলিম্পিয়াকোস, সাও পাওলো, রায়ো ভায়েকানো, ক্লাব লিওন এবং এমএলএসের মিনেসোটা ইউনাইটেডের হয়ে খেলেছেন।
জাতীয় দলের হয়ে অর্জনের কথা বলতে গিয়ে রদ্রিগেস বলেন, ‘আমার গায়ে ১০ নম্বর জার্সি এবং অধিনায়কের আর্মব্যান্ড পরার গৌরব ছিল। আমি সর্বদা দেশের সম্মান বজায় রেখে দায়িত্ব পালন করেছি। অনেক ভালো দিন গেছে, কঠিন সময়ও গেছে। কিন্তু এই জার্সির প্রতি গর্ববোধ আমি কখনো হারাইনি। আমি মনের শান্তি নিয়ে বিদায় নিচ্ছি কারণ আমি জানি আমি আমার সর্বস্ব উজাড় করে দিয়েছি।’
রদ্রিগেস ২০১৮ এবং ২০২৬
বিশ্বকাপে প্রতিনিধিত্ব করেছেন। তার নেতৃত্বেই কলম্বিয়া ২৪ সালের কোপা আমেরিকার ফাইনালে
পৌঁছায়, যা ছিল গত ২৩ বছরের মধ্যে দেশটির প্রথম কোনো শিরোপা নির্ধারণী ম্যাচ। জাতীয়
দলের হয়ে ১৩১ ম্যাচে ৩১ গোল করে নিজের আন্তর্জাতিক অধ্যায়ের সমাপ্তি টানলেন তিনি। সবশেষে
প্রতিটি স্মৃতির জন্য, প্রতিটি আলিঙ্গনের জন্য এবং প্রতিটি মুহূর্তের জন্য সবাইকে ধন্যবাদ
জানিয়েছেন এই তারকা।






