বাংলাদেশে আসার আগে সিরিজ হার নিউজিল্যান্ডের

নিউজিল্যান্ডকে ৩-২ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। ছবি: সংগৃহীত
শেষ ম্যাচটা পরিণত হয়েছিল ফাইনালে। পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের সেই শেষ ম্যাচে আজ ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডকে ৩৩ রানে হারাল দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের ১৮৭ রানের জবাবে নিউজিল্যান্ড থামে ৮ উইকেটে ১৫৪ রানে। তাতে ৩-২ ব্যবধানে সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা।
এপ্রিলে বাংলাদেশ সফরে আসার আগে এটা বড় ধাক্বা বিশ্বকাপ ফাইনালে হারা কিউইদের জন্য। বিশ্বকাপ শেষে এই সিরিজে শক্তিশালী দলই ছিল নিউজিল্যান্ডের। তবে আইপিএল ও পিএসএলের জন্য বাংলাদেশ সফরে পুরো শক্তির দল পাবে না তারা।
কনর ইস্টারহাউজেনের অভিষেক হয়েছিল নিউজিল্যান্ডের বিপক্ষে। ২৪ বছর বয়সি এই তরুণ অভিষেকেই করলেন বাজিমাত। ৩৩ বলে ৭৫ রানের বিস্ফোরক ইনিংসে আজও ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন তিনি। পাশাপাশি জিতেছেন সিরিজ সেরার পুরস্কারও।
ইস্টারহাউজেনের ৭৫, হারমানের ৩৯-এ শুরুতে ব্যাট করা প্রোটিয়ারা পায় ৪ উইকেটে ১৮৭ রানের পুঁজি। জবাবে ৮ উইকেটে ১৫৪ রানে থামে নিউজিল্যান্ড।
ছেলেদের সিরিজ হারলেও মেয়েদের পাঁচ ম্যাচের সিরিজে দক্ষিণ আফ্রিকাকে ৪-১ ব্যবধানে হারিয়েছে নিউজিল্যান্ড। আজ ক্রাইস্টচার্চে শেষ ম্যাচে তারা জিতেছে ৯২ রানের বড় ব্যবধানে। নিউজিল্যান্ডের ৬ উইকেটে ১৯৪ রানের জবাবে দক্ষিণ আফ্রিকা করেছিল ৯ উইকেটে ১০২ রান।
সংক্ষিপ্ত স্কোর
দক্ষিণ আফ্রিকা: ২০ ওভারে ১৮৭/৪ (ইস্টারহাউজেন ৭৫, হারমান ৩৯, মুল্ডার ৩১, সিয়ার্স ২/৩৭, ক্লার্কসন ১/১৪)।
নিউজিল্যান্ড: ২০ ওভারে ১৫৪/৮ ( জ্যাকবস ৩৬, রবিনসন ২৫, ক্লিভার ২২; কোয়েটজে ২/২১, বার্টম্যান ২/৩৩)।
ফল: দক্ষিণ আফ্রিকা ৩৩রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ ও সিরিজ : কনর ইস্টারহাউজেন।

