আগামীর সময়

ডব্লিউসিএর প্রতিবেদন

ক্রিকেটারদের সুরক্ষায় সবচেয়ে পিছিয়ে বিপিএল

ক্রিকেটারদের সুরক্ষায় সবচেয়ে পিছিয়ে বিপিএল

সবচেয়ে পিছিয়ে থাকা ফ্র্যাঞ্চাইজি লিগ বিপিএল ছবি: সংগৃহীত

আইপিএলের পর সেরা ফ্র্যাঞ্চাইজি লিগ বিপিএল! এমন কথা বলে তৃপ্তির ঢেকুর তুলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অনেক কর্তা। তাতে চপেটাঘাত হয়েই এলো বিশ্ব ক্রিকেটারদের সংগঠন ‘ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন’ (ডব্লিউসিএ) প্রতিবেদন। বৃহস্পতিবার তারা যে রিপোর্ট কার্ড প্রকাশ করেছে তাতে ১০টি ফ্র্যাঞ্চাইজি লিগের মধ্যে সবচেয়ে পিছিয়ে বা ১০ নম্বরে বিপিএল।


টাকার অঙ্কে আইপিএল ধরাছোঁয়ার বাইরে। তবে খেলোয়াড়দের কল্যাণ আর অধিকার রক্ষার লড়াইয়ে ভারতের আইপিএল আছে তিন নম্বরে। ক্রিকেটারদের সুরক্ষায় সেরা অবস্থানে ইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেড’।


সেরা ১০ ফ্র্যাঞ্চাইজি লিগের স্কোর
• দ্য হান্ড্রেড : ৭৫.২
• এসএ২০ : ৬৮
• আইপিএল : ৬২.৬
• বিবিএল : ৬২.৫
• পিএসএল : ৪৮
• এমএলসি : ৪৩
• আইএলটি২০ : ৩৯.১
• সিপিএল : ৩৮.৯
• আবুধাবি টি১০ : ৩০.১
• বিপিএল : ২২.৬

ডব্লিউসিএর র‍্যাঙ্কিংয়ে ১০টি লিগের মধ্যে ৭৫.২ স্কোর নিয়ে সবার ওপরে ইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেড’। ৬৮ স্কোর নিয়ে দুইয়ে দক্ষিণ আফ্রিকার ‘এসএ২০’। আইপিএল তিন নম্বরে (স্কোর ৬২.৬)।

বাংলাদেশের বিপিএল তলানিতে মাত্র ২২.৬ স্কোর নিয়ে। এর কারণ প্রায় প্রতিটা টুর্নামেন্ট শেষে ক্রিকেটারদের বেতনের শতভাগ না পাওয়ার অভিযোগ। বেতন না পাওয়ায় অনুশীলন বয়কটের মতো ঘটনাও ঘটেছে। এমনকি খেলোয়াড়দের হোটেলে রেখে ফ্র্যাঞ্চাইজি মালিকের লাপাত্তা হওয়ার অতীতও আছে। তাই ‘ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন’ (ডব্লিউসিএ) তাদের প্রতিবেদনে তলানিতে রেখেছে বিপিএলকে।

ভারতের আইপিএলে মোটা অঙ্কের টাকা পাওয়া নিয়ে অনিশ্চয়তা নেই। তবে কোনো সমস্যা হলে আইনি লড়াইয়ে যাওয়ার পথটা কঠিন। গত জানুয়ারিতে বাংলাদেশ ও ভারতের রাজনৈতিক অস্থিরতায় কলকাতা নাইট রাইডার্স থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া নিয়ে বিতর্ক হয়েছিল যথেষ্ট। এ ছাড়া ভারতীয় চুক্তিবদ্ধ ক্রিকেটারদের অন্য কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে না দেওয়ার নীতি নিয়েও সমালোচনা হয় যথেষ্ট।

ডব্লিউসিএ প্রধান নির্বাহী টম মোফাট একটি বিবৃতিতে জানিয়েছেন, ‘বিভিন্ন দেশের ঘরোয়া ক্রিকেটে অনেক উন্নতি হয়েছে। কিন্তু এখনও উন্নতির জায়গা আছে। আমরা চাই, পুরো বিশ্বে ক্রিকেটারদের স্বার্থ সুরক্ষিত হোক।’


    শেয়ার করুন: