দক্ষিণ আফ্রিকায় সফল হতে বাংলাদেশকে এবির পরামর্শ

সদ্যই অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জিতে হইচই ফেলে দিয়েছে বাংলাদেশ। দ্বিতীয় টেস্টে মাত্র দুই দিনে ইনিংস ব্যবধানে হারলেও অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয়ের গৌরব কমছে না মোটেও। আগামী নভেম্বর মাসে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ দলের। তার আগে টাইগারদের পরামর্শ দিলেন এবি ডি ভিলিয়ার্স।
দক্ষিণ আফ্রিকার কন্ডিশন ব্যাটারদের জন্য অত্যন্ত কঠিন হওয়া সত্ত্বেও আসন্ন টেস্ট সিরিজে স্বাগতিকদের বিপক্ষে বাংলাদেশ ভালো লড়াই করবে বলে বিশ্বাস করেন প্রোটিয়া কিংবদন্তি এবি। ইউটিউব চ্যানেলে তিনি বাংলাদেশের টেস্ট দলের সাম্প্রতিক উন্নতির উচ্ছসিত প্রশংসা করেছেন। পাশাপাশি ডারউইন টেস্ট জয় দক্ষিণ আফ্রিকার মাটিতে টাইগারদের আত্মবিশ্বাস যোগাবে বলেও মনে করছেন তিনি। প্রোটিয়া কন্ডিশনে খেলার কঠিন চ্যালেঞ্জের বিষয়টি সামনে এনে সাবেক এই অধিনায়ক বলেন, ‘আমি মনে করি বাংলাদেশ দক্ষিণ আফ্রিকায় ভালো লড়াই করবে। সফর করার জন্য এটি বিশ্বের অন্যতম কঠিন একটি জায়গা, বিশেষ করে ব্যাটারদের জন্য। এখানে বল পিচ করার পর শুধু সুইংই করে না, সিম থেকেও মুভমেন্ট পায়। অধিকাংশ খেলোয়াড়েরই এই ধরনের কন্ডিশনে খেলার অভ্যাস নেই, তাই এখানকার পরিস্থিতি সামলানো সত্যিই কঠিন।’
দক্ষিণ আফ্রিকায় এ পর্যন্ত ৮ টেস্ট খেলে সবগুলোই হেরেছে বাংলাদেশ। এছাড়া সাদা বলে ১২ ওয়ানডেতে দুই জয়ের বিপরীতে চারটি টি-টোয়েন্টিতে হার শতভাগ। দক্ষিণ আফ্রিকার বাউন্সি উইকেটে টিকে থাকার চেয়ে আক্রমণাত্মক হওয়া বেশি জরুরি বলে মনে করেন ডি ভিলিয়ার্স, ‘আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, এই পরিস্থিতি মোকাবিলা করার কিছু কৌশল আমার ছিল। পরিস্থিতি বুঝে কখনো আমি ক্রিজ ছেড়ে বেরিয়ে আসতাম, কখনো স্টাম্প পুরোপুরি ঢেকে রাখতাম, আবার কখনো স্টাম্প উন্মুক্ত রাখতাম।’ বাংলাদেশের ব্যাটাররা কন্ডিশনের সঙ্গে নিজেদের ভালোভাবে মানিয়ে নিতে পারলে এবার ভালো কিছু করা সম্ভব বলে বিশ্বাস ডি ভিলিয়ার্সের। তিনি আরও যোগ করেন, ‘এ ধরনের সিমিং কন্ডিশনে আপনাকে এটাই করতে হবে। সারাদিন শুধু স্টাম্প আগলে পড়ে থেকে উইকেটে টিকে থাকার চেষ্টা করলে চলবে না, আপনাকে প্রোঅ্যাক্টিভ হতে হবে।’
উল্লেখ্য, আগামী ১৫ থেকে ১৯ নভেম্বর জোহানেসবার্গে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টেস্ট। এরপর ২৩ থেকে ২৭ নভেম্বর সেঞ্চুরিয়নে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ।








