আগামীর সময়

ওয়ানডে র‌্যাঙ্কিং

বিশ্বকাপের পথে একধাপ এগোলো বাংলাদেশ

বিশ্বকাপের পথে একধাপ এগোলো বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে সিরিজে দারুণ বোলিং পারফরম্যান্স ছিল তাসকিনের। ছবি: সংগৃহীত

২০২৭ বিশ্বকাপে সরাসরি খেলা হচ্ছে না বাংলাদেশ দলের! খেলতে হলে তার আগপর্যন্ত সিরিজগুলোতে ভালো করতে হবে। সদ্য পাকিস্তান সিরিজ জিতেই একধাপ এগিয়ে গেল বাংলাদেশ।

ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ১০ নম্বরে নেমে যাওয়ায় বাংলাদেশ দলকে নিয়ে গত বছর বিশ্বকাপ খেলতে না পারার গুঞ্জন ছড়িয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিসিবি’র স্পষ্ট বার্তায় সেই ধোঁয়াশা কাটে। র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ৮-এ থেকে বিশ্বকাপ নিশ্চিতের জন্য আগামী বছর ৩১ মার্চ পর্যন্ত সময় আছে মেহেদী হাসান মিরাজদের।

এই সময়ের মধ্যে বেশ কিছু ওয়ানডে সিরিজ আছে বাংলাদেশ দলের। জিতলে র‌্যাঙ্কিংয়ে উন্নতি হবে। সেই উন্নতি দেখা গেল পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে। ৪ নম্বরে থাকা পাকিস্তানকে হারিয়ে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে একধাপ এগিয়েছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজকে টপকে মিরাজদের অবস্থান এখন ৯ নম্বরে।

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ সিরিজ জিতেছে ২-১ ব্যবধানে। এতে লাল-সবুজদের রেটিং পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৭৯। এই সিরিজ ৭৬ রেটিং পয়েন্ট নিয়ে শুরু করেছিল বাংলাদেশ। এদিকে ৯ থেকে ১০-এ নেমে যাওয়া উইন্ডিজের রেটিং পয়েন্ট এখন ৭৭।

২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি মূল পর্ব নিশ্চিত করতে হলে শীর্ষ ৮ দলের একটি হতে হবে বাংলাদেশকে। সামনে আছে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ। ১১৪ রেটিং পয়েন্ট নিয়ে র‌্যাঙ্কিংয়ে দুইয়ে থাকা কিউইদের হারাতে পারলে রেটিং পয়েন্ট আরো বাড়বে নিশ্চিত। অবশ্য ৮৮ রেটিং পয়েন্ট নিয়ে ৮-এ থাকা ইংল্যান্ডের সঙ্গে বাংলাদেশের দূরত্বটা অনেক।

    শেয়ার করুন: