পিএসএলে ৬ বাংলাদেশি, কার এনওসি কতদিন

নাহিদ রানা, শরিফুল ইসলাম খেলনে একই দলে। ছবি: সংগৃহীত
হঠাৎ পিএসলে ঢল নেমেছে বাংলাদেশি ক্রিকেটারদের। ড্রাফটে দল না পেলেও পিএসএল শুরুর আগে বাংলাদেশি ক্রিকেটারদের দলে ভেড়ানো শুরু করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। তাতে রেকর্ড ৬ বাংলাদেশি খেলছেন এবারের পিএসএলে।
এবারের আসরে মোস্তাফিজুর রহমান খেলবেন লাহোর কালান্দার্সের হয়ে। একই দলে তার সতীর্থ পারভেজ হোসেন ইমন। পেশোয়ার জালমির হয়ে খেলবেন নাহিদ রানা, শরিফুল ইসলাম ও তানজিদ হাসান তামিম। আর রিশাদ হোসেন খেলবেন নবাগত ফ্র্যাঞ্চাইজি পিন্ডিজের হয়ে।
এবারই প্রথমবার পাকিস্তানের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের নিলাম অনুষ্ঠিত হয়েছে। সরাসরি চুক্তিতে মোস্তাফিজুর রহমানকে দলে ভেড়ায় লাহোর কালান্দার্স। নিলামে দল পান রিশাদ হোসেন, নাহিদ রানা ও পারভেজ হোসেন ইমন। এরপর ডাক পেয়েছেন তানজিদ তামিম ও শরিফুল ইসলাম।
লাহোর কালান্দার্স এবং হায়দরাবাদ কিংসমেনের ম্যাচ দিয়ে আগামী ২৬ মার্চ শুরু হবে পিএসএল। বিসিবি সূত্রে জানা গেছে, টুর্নামেন্টে পুরো সময়ের জন্য এনওসি বা অনাপত্তিপত্র পাননি বাংলাদেশের কেউই। নিউজিল্যান্ড সিরিজের জন্য মোস্তাফিজুর রহমান এনওসি পেয়েছেন দুই দফায়।
২৬ মার্চ থেকে ১২ এপ্রিল পর্যন্ত শুরুতে খেলতে পারবেন মোস্তাফিজুর। এরপর ২৪ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত দ্বিতীয় ধাপে এনওসি দেওয়া হয়েছে তাকে। পারভেজ হোসেন ইমন খেলতে পারবেন ২১ এপ্রিল পর্যন্ত। বাকি ৪ ক্রিকেটার এনওসি পাচ্ছেন ১২ এপ্রিল পর্যন্ত।

