এবার অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার হাতছানি

প্রথম এলো ২১ বছর পর অস্ট্রেলিয়াকে ওয়ানডেতে হারানোর তৃপ্তি। এরপর তাদের সঙ্গে প্রথম সিরিজ জয়ের সাফল্য। ওয়ানডে সিরিজে পরপর দুই ম্যাচে দুটি ইচ্ছাই যখন বাংলাদেশের পূর্ণ হয়েছে, এবার পুরো দল তাকিয়ে অজিদের ধবলধোলাই করার দিকে। মাঠের পারফরম্যান্স, দুই দলের শক্তির পার্থক্য আর কন্ডিশন বলছে বাংলাদেশ ক্রিকেটারদের এই স্বপ্ন অসম্ভব কিছু নয়।
সব ঠিক থাকলে আজ আরেকটি ইতিহাস গড়তে যাচ্ছে বাংলাদেশ। অস্ট্রেলিয়াকে ৩-০ তে সিরিজ হারানো!
বছরের শুরুতে এই সম্ভাবনার কথা বললে কেউ বিশ্বাসই করত না। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না পেরে মানসিকভাবে বিমর্ষ ছিলেন ক্রিকেটাররা। এ ছাড়া বিসিবিতে একের পর এক ক্ষমতার পালাবদল। বিপিএলের ক্রিকেটার পারিশ্রমিক ইস্যু— সব মিলিয়ে কোণঠাসা অবস্থায় ছিল বাংলাদেশের ক্রিকেট।
সবকিছু বদলে যায় গত পাকিস্তান সিরিজ থেকে। তাদের সঙ্গে ২-১ ব্যবধানে সিরিজ জেতে বাংলাদেশ। এরপর নিউজিল্যান্ডের সঙ্গেও একই ব্যবধানে সিরিজ জয় আসে। টি-টোয়েন্টিতে ১-১ সমতা হয় ব্ল্যাক ক্যাপসদের সঙ্গে। এরপর পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ঐতিহাসিক টেস্ট জয় আসে।
এই সাফল্যগুলো আত্মবিশ্বাস দেয় বাংলাদেশ দলকে। তা কাজে দেয় অস্ট্রেলিয়ার সঙ্গে টানা দুই ওয়ানডেতে সুফল পেতে। তাই আরও বড় স্বপ্ন দেখতে বাধা নেই। অস্ট্রেলিয়াকে নিজের মাটিতে হোয়াইটওয়াশ করা এখন তাই সম্ভব।
সিরিজের শেষ ম্যাচে দলে সুযোগ পেয়েছেন শেখ মেহেদী হাসান। ২০২৩ বিশ্বকাপের পর ওয়ানডে দলে ফেরা তার। অজিদের সঙ্গে দ্বিতীয় ম্যাচে ব্যাটিংয়ের সময় বল হেলমেটে লাগায় মাথায় আঘাত পেয়েছিলেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।






