৭৬ হাজার বেশি ভোটে জিতেছি: ফজলুর রহমান

সংগৃহীত ছবি
কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে জয়ী হয়েছেন বিএনপির প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান। তিনি বিজয়ী হয়েছেন ৭৬ হাজার ৯০৭ ভোটে।
ফেসবুকে দেওয়া এক পোস্টে ফজলুর রহমান লেখেন, ‘৭৬,৯০৭ ভোট বেশি পেয়ে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত। সকলের সাথে যোগাযোগ করা সম্ভব হচ্ছেনা, ক্ষমাপ্রার্থী। সকলের জ্ঞাতার্থে জানিয়ে দিলাম।’
আরেক পোস্টে বিএনপির এই প্রার্থী লিখেছেন, ৩০০ আসনের মধ্যে আমার আসনেই সর্বোচ্চ ব্যবধানে বিজয়। এটাই জনরায়ের নিরঙ্কুশ ঘোষণা, এটাই মুক্তিযুদ্ধের চেতনা।
এর আগে বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান প্রচারণার শেষ দিন নির্বাচনী সভায় ভোটারদের উদ্দেশ্যে বলেন, আমার বয়স হয়ে গেছে, হয়তো জীবনে আর আপনাদের কাছে ভোট চাইতে পারব না। আমার জীবনের শেষ ভোট আপনাদের কাছে চাইছি।
বেসরকারি তথ্য অনুযায়ী, ১৫০ কেন্দ্রে ১ লাখ ৩২ হাজার ৫৫৩ ভোট পেয়েছেন ফজলুর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট শেখ মো. রোকন রেজা পেয়েছেন ৫৫ হাজার ৬৪৬ ভোট।

