জাতিসংঘের সাধারণ পরিষদে প্রধানমন্ত্রী
বাংলাদেশ মেরামতে সরকার নিয়েছে ‘থ্রি-আর’ কৌশল

জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: ইউএন
দেড় দশকের শাসন-শোষণের পর ক্ষতবিক্ষত বাংলাদেশকে পুনর্গঠনে ‘রিকভারি, রেস্টোরেশন অ্যান্ড রিকন্সট্রাকশন’ বা ‘থ্রি-আর’ কৌশল নিয়েছে সরকার। এর মাধ্যমে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পুনর্গঠন, অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং উন্নয়নের ভিত্তি শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন, রাষ্ট্র সংস্কার, অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, নারী ক্ষমতায়ন, জলবায়ু পরিবর্তন ও রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বিষয়ে সরকারের পরিকল্পনা তুলে ধরেন। একই সঙ্গে একটি শান্তিময় ও মানবিক বিশ্ব গড়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
ভাষণে দেশের রাজনৈতিক পরিবর্তনের প্রসঙ্গ তুলে ধরে তারেক রহমান বলেন, দীর্ঘ সময়ের শাসন-শোষণের পর ২০২৪ সালে বাংলাদেশ নতুন পথে যাত্রা শুরু করেছে।
তিনি আরও বলেন, , গুম, খুন, অপহরণ, দুর্নীতি, লুটপাট ও অর্থ পাচারের মতো সংকট থেকে বেরিয়ে দেশ আবার গণতন্ত্রের পথে এগিয়ে যাচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন, ক্ষতবিক্ষত বাংলাদেশ মেরামতে সরকার ‘রিকভারি, রেস্টোরেশন অ্যান্ড রিকন্সট্রাকশন’ বা ‘থ্রি-আর’ কৌশল অনুসরণ করছে। এই কৌশলের মাধ্যমে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পুনর্গঠন, অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং দেশের উন্নয়নের ভিত্তি আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে।




