বিদেশি গণমাধ্যমকর্মীদের জন্য হটলাইন চালু

ফাইল ছবি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬কে কেন্দ্র করে বাংলাদেশে আগত বিদেশি সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের পেশাগত কাজ সহজ করতে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে একটি আধুনিক ‘মিডিয়া সেন্টার’ স্থাপনের পাশাপাশি চালু করা হয়েছে আলাদা হটলাইন সেবা।
আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) প্রকাশিত এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়।
তথ্য অধিদপ্তরের তত্ত্বাবধানে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে স্থাপিত এই মিডিয়া সেন্টার থেকে নির্বাচন কাভার করতে আসা বিদেশি সাংবাদিকরা প্রয়োজনীয় তথ্য, দিকনির্দেশনা ও লজিস্টিক সহায়তা পাবেন। নির্বাচনী পরিবেশ, কর্মসূচি এবং আনুষঙ্গিক তথ্য সংগ্রহে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
৯ ফেব্রুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন মিডিয়া সেন্টারটি কার্যক্রম চালু থাকবে।
এছাড়া নির্বাচন সংক্রান্ত যেকোনো তথ্য দ্রুত পাওয়ার জন্য বিদেশি সাংবাদিকদের জন্য দুটি হটলাইন নম্বর চালু করা হয়েছে। হটলাইন নম্বরগুলো হলো: ৪৮৩২২৩৪৪ এবং ৪৮৩২২৪৩৫।
সরকারের এই উদ্যোগকে নির্বাচন ঘিরে আন্তর্জাতিক গণমাধ্যমের কাজকে আরও স্বচ্ছ, সহজ ও সমন্বিত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

