দুপুরের মধ্যে ঢাকায় বজ্রবৃষ্টি, দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস

ছবি: ফোকাস বাংলা
দুপুরের মধ্যে রাজধানী ঢাকায় বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এই সময়ে দেশের ৬টি অঞ্চলে ঝড় হতে পারে বলে জানানো হয়েছে পূর্বাভাসে।
বৃহস্পতিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকার আকাশ আজ অস্থায়ীভাবে মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। এ সময়ের মধ্যে হতে পারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। আজ দিনের তাপমাত্রা সাধারণত সামান্য বেড়ে যেতে পারে।
আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রয়েছে ২৮.৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৯ শতাংশ। গতকাল রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪.৬ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ১২ মিলিমিটার।
বৃহস্পতিবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আজ সিলেট, ময়মনসিংহ, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে পূর্বাভাসে।
এদিকে বুধবার সন্ধ্যায় দেওয়া আবহাওয়ার নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার মধ্যে চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে বলে উল্লেখ করা হয়েছে পূর্বাভাসে। আজ সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে জানিয়েছে অধিদপ্তর।






