গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা দিতে বলা রায় স্থগিত

হাইকোর্ট। ইনসেটে ড. মুহাম্মদ ইউনূস ও গ্রামীণ কল্যাণের লোগো
সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা আয়কর দিতে বলা হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। ফলে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত প্রতিষ্ঠানটিকে আপাতত এই অর্থ পরিশোধ করতে হচ্ছে না। তবে আয়কর দাবির বৈধতা নিয়ে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করা হয়নি।
গ্রামীণ কল্যাণের করা দুটি আপিল আবেদনের পরিপ্রেক্ষিতে আজ রবিবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন। একই সঙ্গে আপিল দুটি পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য আগামী ১৩ ডিসেম্বর দিন ঠিক করেছেন আদালত।
আদালতে গ্রামীণ কল্যাণের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন।
এর আগে গত ১০ সেপ্টেম্বর আয়কর দাবির বৈধতা চ্যালেঞ্জ করে গ্রামীণ কল্যাণের দায়ের করা দুটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে জারি করা রুল খারিজ করে রায় দিয়েছিলেন বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ। ১২ অক্টোবর সেই রায়ের পূর্ণাঙ্গ কপি প্রকাশিত হয় সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে।
পূর্ণাঙ্গ রায়ে আদালত পর্যবেক্ষণ দেন, এনবিআরকে ‘ন্যায্য রাজস্ব প্রাপ্তি থেকে বঞ্চিত করার জন্য কোনো চেষ্টারই ত্রুটি রাখেনি’ ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত গ্রামীণ কল্যাণ। এ ছাড়া আদালত মন্তব্য করেন, প্রতিষ্ঠানটির কর্মকাণ্ড ‘কর ফাঁকি দেওয়ার একটি ধ্রুপদি উদাহরণ’।
আদালত বলেছেন, ‘এটি আবেদনকারীর কর ফাঁকি দেওয়ার একটি ধ্রুপদি উদাহরণ। আবেদনকারী একটি নিষ্পত্তি হয়ে যাওয়া বিষয় দীর্ঘায়িত করে কর ফাঁকি দেওয়ার চেষ্টা করছেন। ২০১৯ সালের ৩৬৩ নম্বর ইনকাম ট্যাক্স রেফারেন্স (আইটিআর) আবেদনে আদেশ দেওয়ার পরই বিষয়টি ভিন্নভাবে দেখা সম্ভব ছিল। কিন্তু আবেদনকারী দীর্ঘদিন ধরে বিষয়টি ঝুলিয়ে রেখে প্রতিপক্ষকে তার প্রাপ্য রাজস্ব থেকে বঞ্চিত করার জন্য কোনো চেষ্টারই ত্রুটি রাখেনি।’
আদালত রায়ে দেখিয়েছেন, দুটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ২০১২-১৩ থেকে ২০১৬-১৭ করবর্ষ পর্যন্ত পাঁচ বছরের জন্য আরোপিত ৬৬৬ কোটি টাকার আয়করের বৈধতা চ্যালেঞ্জ করা হলেও একই প্রতিষ্ঠান অর্থাৎ গ্রামীণ কল্যাণ ২০১৭-২০১৯ করবর্ষের জন্য একই ধরনের আয়কর দিয়েছে। পরবর্তী সময়ে সেই আয়করের বৈধতা আদালতে ২০১৯ সালের ৩৬৩ নম্বর ইনকাম ট্যাক্স রেফারেন্সের মাধ্যমে চ্যালেঞ্জ করলেও তা প্রত্যাহার করে নেয়।
এ প্রসঙ্গে আদালত বলেছেন, ‘আবেদনকারী তার নিজস্ব অবস্থানের বিপরীতে গিয়ে ক্রমাগত একই বিষয় নিয়ে কথা বলে চলেছে এবং এই আদালতের আদেশের প্রতি চরম ঔদ্ধত্য প্রদর্শনে মরিয়া হয়ে উঠেছে, যা প্রকারান্তরে আদালতের আদেশের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শনেরই শামিল।’
রায়ে এনবিআরসহ বিবাদীদের নির্দেশ দেওয়া হয় যেন তারা আইন অনুযায়ী এবং যথাসম্ভব দ্রুততার সঙ্গে আবেদনকারীর কাছ থেকে বকেয়া কর আদায়ের প্রয়োজনীয় পদক্ষেপ নেন।
মামলার নথি অনুযায়ী, ঢাকার কর অঞ্চল-১৪ পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করে ২০১৭ সালের ৭ ও ১১ সেপ্টেম্বর এবং তাতে ২০১২-১৩ থেকে ২০১৬-১৭ করবর্ষের জন্য গ্রামীণ কল্যাণের কাছে ৬৬৬ কোটি টাকা আয়কর দাবি করে। শুনানির জন্য দুই সপ্তাহ সময় দেওয়া হয়।
মামলার বিবরণ থেকে জানা যায়, গ্রামীণ টেলিকমের সঙ্গে গ্রামীণ কল্যাণের একটি চুক্তি ছিল, যার অধীনে গ্রামীণ টেলিকম তাদের একটি ব্যবসার অর্জিত লভ্যাংশের (ডিভিডেন্ড) ৪২.৫০ শতাংশ গ্রামীণ কল্যাণকে দিয়ে থাকে। পরে আয়কর কর্তৃপক্ষ আয়কর আইনের সেকশন ১২০ অনুযায়ী ফাইলটি পুনর্মূল্যায়ন করে দেখতে পায়— গ্রামীণ টেলিকম থেকে অর্জিত ওই আয়ের ওপর কোনো উৎসে কর (ট্যাক্স অ্যাট সোর্স) কাটা হয়নি। ফলে নতুন করে ৬৬৬ কোটি টাকা আয়কর দাবি করা হয়।
কিন্তু গ্রামীণ কল্যাণের আইনজীবী আবদুল্লাহ আল মামুন জানান, তারা উৎসে কর দিয়েছেন। গ্রামীণ কল্যাণ প্রয়োজনীয় নথি সংগ্রহে এক মাস সময় চাইলেও তা নাকচ করে কর কর্তৃপক্ষ। পরে পুনর্বিবেচনার আবেদনও খারিজ হলে প্রতিষ্ঠানটি হাইকোর্টে দুটি রিট আবেদন করে। আবেদন দুটিতে ২০১২-১৩ থেকে ২০১৬-১৭ করবর্ষ পর্যন্ত পাঁচ বছরের জন্য আরোপিত ৬৬৬ কোটি টাকার আয়করের বৈধতা চ্যালেঞ্জ করা হয়।
রিট আবেদনের শুনানি শেষে ২০১৭ সালের ২৬ নভেম্বর হাইকোর্ট রুল জারি করেন এবং আয়কর দাবি করা প্রজ্ঞাপনের কার্যকারিতা ছয় মাসের জন্য স্থগিত করেন। পরে কয়েক দফায় সেই স্থগিতাদেশের মেয়াদ বাড়ানো হয়।
২০২৩ সালের ১৭ অক্টোবর হাইকোর্টের একটি বেঞ্চ কর কর্তৃপক্ষের দুটি প্রজ্ঞাপন বাতিল করে রুল নিষ্পত্তি করেন। তখন ক্ষমতায় ছিল আওয়ামী লীগ, যে দলটি ২০০৯ সালে সরকার গঠনের পর ড. ইউনূসকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অপসারণ করে।
তবে ওই রায়ের বিরুদ্ধে করা লিভ টু আপিলের শুনানি শেষে ২০২৪ সালের ১১ মার্চ আপিল বিভাগ রুলটি মেরিটের ভিত্তিতে পুনরায় শুনানি ও নিষ্পত্তির নির্দেশ দেন। দীর্ঘ শুনানির পর ২০২৪ সালের ৪ আগস্ট গ্রামীণ কল্যাণের করা দুটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে জারি করা রুল খারিজ করে রায় দেন হাইকোর্ট।
জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর হাইকোর্ট ওই রায় প্রত্যাহার করে নেয়। তখন ক্ষমতায় থাকা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার পদে ছিলেন ড. ইউনূস। এরপর মামলাটি নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি নতুন একটি বেঞ্চে পাঠান। ততদিনে নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি সরকার গঠনের পর বিদায় নেয় ড. ইউনূসের অন্তর্বর্তী সরকার।




