বাড়িতে অভিযানের পর ওএসডি হলেন সেই অতিরিক্ত ডিআইজি

অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহির
ভাড়া দেওয়া বাড়ি থেকে মাদক ও নারীসহ ৮৫ জন আটক হওয়ার পর অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরকে ওএসডি করে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।
আজ মঙ্গলবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছে পুলিশ সদর দপ্তরের একটি সূত্র।
বিসিএস ২৪তম ব্যাচের কর্মকর্তা জহির পুলিশ সদর দপ্তরের রিপেয়ার অ্যান্ড মেইনটেন্যান্স শাখায় কর্মরত ছিলেন। এর আগে সাবেক অতিরিক্ত আইজিপি মোখলেসুর রহমানের স্টাফ অফিসার ছিলেন তিনি।
আজ মঙ্গলবার ভোরে রাজধানীর ভাটারা এলাকায় জহিরের বাড়িতে অভিযান চালায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
অভিযানে নেতৃত্ব দেওয়া ডিবির উত্তরা বিভাগের ডিসি ইলিয়াস কবীর জানিয়েছেন, পুলিশ হাউজিং-১ এলাকায় অবস্থিত আড়াইতলা বাড়িটি স্বল্পমেয়াদি আবাসন ভাড়ার প্ল্যাটফর্ম এয়ারবিএনবির মাধ্যমে ভাড়া দেওয়া হতো। ওই বাড়িতে ডিজে পার্টি হতো। ডিজে পার্টির জন্য তারা অনলাইনে বিজ্ঞাপন দিতো।
তিনি আরো জানান, ডিজে পার্টির সমন্বয় করতেন পুলিশ কর্মকর্তা জহিরের বন্ধু মাহবুব আহমেদ। ভাড়ার ৭০ শতাংশ পেতেন জহির, ৩০ শতাংশ পেতেন মাহবুব। অনেক প্রভাবশালী সেখানে নিয়মিত যাওয়া-আসা করতেন।
অভিযানে বাড়িটি থেকে বিপুল পরিমাণ মাদকসহ ৮৫ জন নারী-পুরুষকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ডিবিপ্রধান শফিকুল ইসলাম। আটকদের বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।
এ বিষয়ে পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহ আল জহির আগামীর সময়কে বলেছেন, ‘ঢাকা শহরে লাখ লাখ ফ্ল্যাট এয়ারবিএনবির মাধ্যমে ভাড়া দেওয়া হয়। আমাদের বেশীরভাগ ক্লায়েন্টই চিকিৎসার জন্য ঢাকায় আসা এবং প্রবাসী। ভাড়াটিয়ারা জন্মদিনের জন্য ভাড়া নিয়েছিলেন। এখন এই দায় আমার ওপর চাপানো হচ্ছে। আমি সিনিয়র অফিসারদের পুরো বিষয়টি অবহিত করেছি।’




