সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির

অবিলম্বে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানিয়েছে বাংলাদেশ সনাতন পার্টি। ছবি: সংগৃহীত
দেশে বসবাসরত ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের জানমাল, ধর্মীয় উপাসনালয়, সম্পদ, ধর্মীয় স্বাধীনতা ও সাংস্কৃতিক ঐতিহ্যের নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন এবং রাষ্ট্রীয় পর্যায়ে কার্যকর নিরাপত্তাব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ সনাতন পার্টি (বিএসপি)।
শুক্রবার (২১ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক মতবিনিময় সভায় সরকারের প্রতি জানানো হয় এ দাবি। ‘বাংলাদেশে বসবাসরত সংখ্যালঘু সম্প্রদায়ের জানমাল, ধর্মীয় উপাসনালয়, সম্পদ, ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের সুরক্ষা এবং নিরাপত্তা নিশ্চিতকরণে রাষ্ট্রের করণীয়’ শীর্ষক এ সভার আয়োজন করে বাংলাদেশ সনাতন পার্টি।
সভায় প্রধান অতিথি ছিলেন গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী।
বাংলাদেশ সনাতন পার্টির ভারপ্রাপ্ত সভাপতি অনুপ কুমার দত্তের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন দলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুমন কুমার রায়, চট্টগ্রাম জেলা শাখার সভাপতি নারায়ণ চন্দ্র মজুমদার, সংগঠনের উপদেষ্টা প্রণবানন্দ মহারাজ এবং স্থায়ী কমিটির সদস্য সুবীর কান্তি ধরসহ অনেকে।







