শাহ আমানতে কোটি টাকার স্বর্ণসহ মাসকাটফেরত যাত্রীর আটক

সংগৃহীত ছবি
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ অভিযান চালিয়ে মাসকাটফেরত এক যাত্রীর কাছ থেকে ৫৩১ গ্রাম স্বর্ণ আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। আটক স্বর্ণের শুল্ক-করসহ আনুমানিক মূল্য এক কোটি টাকার বেশি।
কাস্টমস গোয়েন্দা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মধ্যপ্রাচ্য থেকে আসা সালামএয়ারের একটি ফ্লাইটের যাত্রী মোহাম্মদ হাসান মুরাদকে বিমানবন্দরে নামার পর নজরদারিতে নেওয়া হয়। পরে কাস্টমস হলরুমে অন্যান্য সংস্থার উপস্থিতিতে তার ব্যাগেজ ও দেহ তল্লাশি করা হয়।
তল্লাশির সময় তার ব্যাগেজের ভেতর স্কচটেপ দিয়ে বিশেষ কৌশলে মোড়ানো পেস্টসদৃশ স্বর্ণ উদ্ধার করা হয়। পরে স্বর্ণ কারিগরের মাধ্যমে তা প্রক্রিয়াজাত ও গলানোর পর ৪২৫ গ্রাম ওজনের ২৪ ক্যারেট স্বর্ণপিণ্ড পাওয়া যায়।
এ ছাড়া যাত্রীর প্যান্টের পকেট থেকে ১০৬ গ্রাম ওজনের বিভিন্ন ধরনের ৩৫টি স্বর্ণালংকার উদ্ধার করা হয়। স্বর্ণপিণ্ড ও অলংকার মিলিয়ে মোট ৫৩১ গ্রাম স্বর্ণ আটক করা হয়েছে।
কাস্টমস গোয়েন্দার হিসাব অনুযায়ী, আটক স্বর্ণের শুল্ক-করসহ আনুমানিক মূল্য ১ কোটি ৪১ হাজার ৫৫৫ টাকা।
এ ঘটনায় মোহাম্মদ হাসান মুরাদের বিরুদ্ধে পতেঙ্গা থানায় মামলা দায়েরের কার্যক্রম চলছে। একই সঙ্গে স্বর্ণের উৎস, গন্তব্য এবং এর সঙ্গে কোনো সংঘবদ্ধ চোরাচালান চক্র জড়িত কি না, তা খতিয়ে দেখছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।




