উত্তরায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

গ্রাফিকস: আগামীর সময়
রাজধানীর উত্তরা আজমপুর এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় মো. ফজলুল করিম (৮৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ সোমবার সকাল সাড়ে নয়টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
উদ্ধারকারী ও অন্য পথচারী জাহাঙ্গীর হোসেন জানিয়েছেন, সকালে আজমপুর ফুটওভার ব্রিজের অদূরে রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগতির মোটরসাইকেল ওই বৃদ্ধকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে নেওয়া হয়।
সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দুপুর একটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্ত্রী রায়হানা বিলকিস করিম জানিয়েছেন, তার স্বামী দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। সকালে বাসা থেকে কাউকে কিছু না বলেই তিনি বাইরে বের হন। পরে স্থানীয়দের মাধ্যমে জানতে পারেন যে তিনি সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন।
মৃত ফজলুল করিম উত্তরা ৬ নম্বর সেক্টরের বাসিন্দা ছিলেন এবং সেখানে নিজের ফ্ল্যাটে পরিবার নিয়ে থাকতেন। তার এক ছেলে লন্ডনে থাকেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মৃতদেহটি বর্তমানে হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।


