ঘরে বসেই ৪ উপায়ে জেনে নিন আপনার ভোটার নম্বর

সংগৃহীত ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে। আপনি কি জানেন আপনার ভোটকেন্দ্র বা ভোটার নম্বর? অনেকেই মনে করেন এনআইডি নম্বর আর ভোটার নম্বর একই। আসলে ধারণাটি ভুল। দুটি আলাদা বিষয়। ভোটার নম্বর জানা না থাকলে কেন্দ্রে গিয়ে ভোট দিতে বাড়তি সময় লাগতে পারে। ভোটার নম্বর জানতে কোথাও যাওয়ার প্রয়োজন নেই। ঘরে বসেই অনলাইনে চারটি উপায়ে তথ্য পাওয়া যায়।
স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি অ্যাপ
ভোটাররা এই অ্যাপের মাধ্যমে নিজেদের ভোটার নম্বর ও কেন্দ্রের তথ্য জানতে পারেন। প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করতে হবে। এরপর ড্যাশবোর্ড থেকে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন’ নির্বাচন করে ‘ভোটকেন্দ্র খুঁজুন’ অপশনে ক্লিক করতে হবে। এনআইডি নম্বর ও জন্ম তারিখ দিলে ভোটার নম্বর, ক্রমিক নম্বর, কেন্দ্রের নাম ও ঠিকানা দেখা যাবে।
হটলাইন ১০৫
দেশের যেকোনো প্রান্ত থেকে ১০৫ নম্বরে কল করে তথ্য জানা যাবে। অপারেটরের সঙ্গে কথা বলতে ৯ চাপতে হবে। এ ক্ষেত্রে এনআইডি নম্বর ও জন্ম তারিখ প্রয়োজন হবে। প্রতিদিন ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত এ সেবা চালু থাকে।
এসএমএসের মাধ্যমে
মোবাইলের মেসেজ অপশনে গিয়ে PC <স্পেস> এনআইডি নম্বর লিখে ১০৫ নম্বরে পাঠাতে হবে। ফিরতি বার্তায় ভোটার নম্বর ও কেন্দ্রের তথ্য জানিয়ে দেওয়া হবে।
নির্বাচন কমিশনের ওয়েবসাইট
যেকোনো ব্রাউজার থেকে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে ঢুকে ‘ভোটকেন্দ্র’ মেনুতে ক্লিক করতে হবে। নির্বাচনী এলাকা ও উপজেলা বা থানা বেছে নিয়ে কেন্দ্রের তালিকা দেখা যাবে। এনআইডি নম্বর ও জন্ম তারিখ দিয়ে খুঁজলে ভোটার নম্বর ও কেন্দ্রের বিস্তারিত তথ্য পাওয়া যাবে। কেন্দ্রের অবস্থান গুগল ম্যাপেও দেখার সুবিধা রয়েছে।

