নির্বাচনে প্রার্থীদের ব্যয়ের হিসাব দিতে অনুরোধ ইসির

ফাইল ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী সব প্রার্থীদেরকে নির্বাচন কমিশন (ইসি) রিটার্নিং অফিসারের নিকট ব্যয়ের রিটার্ন দাখিলের অনুরোধ জানিয়েছে। সকল রিটার্নিং অফিসারকে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।
গতকাল মঙ্গলবার ইসি সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব এ, এস, এম ইকবাল হাসান স্বাক্ষরিত এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে।
চিঠিতে জানানো হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ৪৪ (গ) অনুচ্ছেদ অনুসারে নির্বাচিত প্রার্থীগণের নামের গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে নির্বাচনের সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে রিটার্নিং অফিসারের নিকট ব্যয়ের রিটার্ন দাখিলের বিধান রয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত প্রার্থীগণের নাম, ঠিকানা সম্বলিত গেজেট ১৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে প্রকাশিত হয়েছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণ কর্তৃক ব্যয় বিবরণী দাখিল নিশ্চিতকরণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জারিকৃত পরিপত্র-১৮ অনুসারে কার্যক্রম গ্রহণের জন্য অনুরোধ করা হলো।
এ ছাড়া নির্ধারিত সময়ে রিটার্নিং অফিসারের কার্যালয়ে দাখিলকৃত প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের স্ব-স্ব নির্বাচনী ব্যয়ের রিটার্ন এর তথ্য আগামী ২৫ মার্চ ২০২৬ তারিখের মধ্যে প্রেরণ করার জন্য অনুরোধ করা হল।

