নির্বাচিত কবিতা

গ্রাফিকস: আগামীর সময়
বকুল আশরাফ
পারি-পারি না
বহু অলিগলি পার হলে দূরে মহাসড়ক
দালান, কারো নিজের বাড়ি,
কারো ভাড়া করা
কেউ থাকে মেস-এ,
কারো সরকারি বাড়ি
সেখানেই ঘুরিফিরি বহুদিন হলো,
খুঁজি স্লেট, চক—
বলপেনের ডগায় বসে কংক্রিটের বক
সেও ডিম পাড়ে
ইনকিউবেটরের ভিতর
সে ডিম ফোটে না!
যে থাকে মেস-এ সে আসে!
আসলে সে আসে না, সে ভাবে!
আসলে সে ভাবে না,
ঐ পথে যাব না, ডেড-এন্ড
যদিও বিশাল প্রাসাদি বাড়ি
হাত বাড়ালেই পেতে পারি,
পারি না?
অসীম বিভাকর
অদম্য
অবরুদ্ধ জানালার আক্ষেপগুলো
খানিক গিয়েছে মিশে ম্রিয়মাণ স্রোতে;
হারিয়ে যাওয়া পালকের কথা জানা নেই।
সকাল চেয়েছে উড়তে ঠিক ঈগলের মতো,
চেয়ে দেখি তার ডানা নেই।
ঢাকতে চেয়েছে পাটাতন যেই চাদরে
সেই চাদরের সুতো গেছে প্রায় খুলে।
যেই শাস্ত্রে চাষি সাজাতে চেয়েছে বীজতলা
গলদ জমেছে সেই শাস্ত্রের মূলে।
তবুও কিশোর লাটাই হাতে মাঠে
ঘুড়ির শরীরে পরায় রঙিন জামা।
বিকেল যতই ছড়াক বিরূপ আভা
পথে যে নেমেছে তার তো সাজে না থামা।
দারা মাহমুদ
গাছের বাগানে
বিকেল ঘুমিয়ে যায় সন্ধের অদৃশ্য বালিশে
রাত হেলান দেয় আরো ঘন রাতের চাদরে
বনপথে যত মেঘ শীৎকার করে
তার সব চুম্বন চিহ্ন মুছে ফেলে শ্লেট
আহা যদি রাতলিপি এঁটে রাখা যেত
জাদুর বোতলে, সেখানে আটক
দৈত্যের সাথে জটিল সব প্রেম—
অদৃশ্য প্রোগ্রাম সব
গাছের বাগানে জঙ্গলে... চলমান—
মাওয়া জান্নাত
পার্শ্ব চরিত্র
ছায়া মানুষের চেয়ে বেশি উগ্র
এরা অবাধ্য আর বেপরোয়া
সহজেই স্পর্শ করে নিষিদ্ধ দেয়াল
ডুব দেয় সুতোর সাগরে
মেপে মেপে হাঁটে গোপনীয়তা
উল্কার গতিতে তৈরি হয় উপবৃত্ত
সেই গণ্ডির ভেতর—
আঙুল ছুঁয়ে সব গল্প শুরু হলেও
নিঃসঙ্গ মানুষ তার নিজের জীবনেও
পার্শ্ব চরিত্রে অভিনয় করতে থাকে।
পলি আলী
ডিমেনশিয়া
আমাদের যেদিন দেখা হবে,
আমরা কেউ বলতে পারব না
দেখা হওয়ার আগে আমরা প্রেমে পড়েছি,
না দেখা হওয়ার পরে!
আমরা ভুলে যাব আমাদের প্রেমে পড়ার মুহূর্ত,
অতীতে আমাদের প্রেমের
কোনো অস্তিত্ব ছিল কিনা
আমরা ভুলে যাব।
ভবিষ্যৎও আমাদের প্রেম বয়ে বেড়াবে না,
বয়ে বেড়াবে না অতীত স্মৃতি।
আমরা ভুলে যাব আমাদের অতীত,
ভুলে যাব প্রেম, ভুলে যাব পরস্পরকে।
তারপর, বহু বছর পর
আমাদের আবার দেখা হবে।
‘আমরা ভুলে গেছি প্রেম, ভুলে গেছি আমাদের’
সেদিন ভুলে যাব এইসব সত্য।
আমরা আবার আমাদের প্রেমে পড়ব,
আবার আমরা ভুলে যাব সব।
আমাদের কোনো অতীত থাকবে না,
ভবিষ্যৎ নিয়ে আমরা ভাবব না।
বর্তমানের বুকে প্রোথিত প্রেম
আমাদের ভুলিয়ে দেবে
ভুলে যাওয়ার, ছেড়ে যাওয়ার,
হারিয়ে যাওয়ার সব ব্যথা, সব ক্ষত।



