নির্বাচিত কবিতা

গ্রাফিকস: আগামীর সময়
শাহেদ কায়েস
স্পর্শের
মহাবিশ্ব
কোনো কোলাহল নেই;
নেই কোনো ঘোষণার জাঁকজমক
কেবল এক মৌন রূপান্তরের আদিম স্রোত...
শূন্যতার ক্যানভাসে আঁকা নতুন গোলক
সময় যেখানে থমকে দাঁড়ায় নিজেরই গভীরে।
অস্তিত্বের গহিনে এক মহাবিস্ফোরণ
ধূলিকণা থেকে জন্ম নেয় নক্ষত্রের চাদর
একটি নীরব স্পন্দন, আর তার পরেই—
পুরনো খোলস ভেঙে জেগে ওঠে সম্পূর্ণ সে।
প্রতিটি আন্তরিক স্পর্শ মানুষের ভেতরে—
জন্ম দেয় একটি নতুন পৃথিবীর।
মোহাম্মদ শাহ আলম
ক্ষয়
হৃৎপিণ্ডের দখল নিয়েছে লোভ
ভালোবাসা হয়েছে বিকল
প্রভাতি পাখির গান কি বাজে
আজ অপয়া পৃথিবীতে?
শৈশব বড় উদ্বেগে দৌড়ায়
অজানা এক বিরুদ্ধ পথে
নাচের মুদ্রায় ভুল করে
থুবড়ে পড়ে একটা চাকদোয়েল
দিগন্তের ক্যানভাস ঢাকা পড়ে যায়
কার আক্রোশে?
একদিন ভালোবাসব, ভাবতে ভাবতে
ক্ষয়রোগে নিঃশেষের দিন গোনে
কতিপয়
ক্লান্ত পথিক।
সৌমেন্দ্র গোস্বামী
লাভ ল্যাঙ্গুয়েজ
জলের শরীর ছুঁয়ে দিও না শর্বরী
হৃদয় আমার বড় উচাটন আজ
তোমার নিশ্চল সম অন্তরঙ্গতায়
লেগে আছে প্রকৃতির মুগ্ধ কারুকাজ
মুক্তি দিতে দিতে শেষ সমুদ্রের মন
বোকা হাওয়ার গান মানে না সমন
অনুরোধ শেষে থাকে পায়রার চিঠি
তোমাকে চাইছি খুব, করিনি অতিথি
সংলাপ জানে সব শিস দেয় রাত
আলো-ছায়া নিভে যায় নেভে না প্রভাত
তোমার কণ্ঠের স্বাদ পৃথিবীর ফল
স্পর্শহীন ঠোঁট জানে জানে মহাকাল
জলের শরীর ছুঁয়ে দিও না শর্বরী
হৃদয় আমার বড় উচাটন আজ
ইফতেখার ইনান
অজ্ঞাতনামা অশ্রুর অভিধান
মিউজিয়াম
মিউজিয়াম মূলত স্মৃতির কবরস্থান। স্মৃতি উদ্ধার অতীত বর্তমান তোমার। এক জীবনের সম্ভাব্য সর্বোচ্চ সাফল্য উদ্ধৃত হতে পারা, যা বিরল এক ফেনোমেনন। বিরলহেতু তুমি পরকালের প্রক্ষেপণ করে তাতে দৃষ্টি রাখো। আর দৃষ্টি এক মায়াবী জাদুকর— সে রোদ ভাঁজ করে হ্রদ বানিয়ে ফেলতে পারে মরুভূমির বালুতে, তার মন্ত্রে প্রেম ও প্রতারণা হয়ে ওঠে সিয়ামিজ টুইন। দৃষ্টিহীন হতে পারলে ইহকাল ঈশপের ফেবল কোন, যার শেষ বাক্যে মোরালপ্রাপ্তি অনিবার্য।
মিউজিক
মিউজিক কোণঠাসা ক্যাকোফোনি, কান তার বাসা আর হৃদয় তার বাড়ি। এই বাড়ি অনাথ ধ্বনিদের সমবায় সমিতি, যেখানে ড্রেস কোড সুরে বোনা স্যুট। সুর একরকম নরম তরল আলো, যা আমার প্রেমিকার কণ্ঠ থেকে ক্ষরিত হয়ে আত্মাকে আর্দ্র করে।
মিউটেশন
অস্তিত্বের অফিসিয়াল ট্যুর ম্যাপের নাম মিউটেশন। সে আমার অভিন্ন হৃদয় ক্লোন, কেবল তার চোখের মণি বাদামি নয়, নীল। সে নীলের অন্ত্যমিল, অনন্তের মিল— যেখানে একই মেশিনে ম্যানুফ্যাকচার করা হচ্ছে জন্ম ও মৃত্যু। কখনো কখনো মৃত্যুর বাইপ্রডাক্ট হিসেবে নিঃসৃত হচ্ছে নিরাকার নির্লিপ্তি আর আক্রান্ত করছে নিকটবর্তী জন্মকে। মিউটেশন এই রোগ— প্রকৃতি ও পৃথিবীর আশ্চর্য শুশ্রূষার বাহক।
শারমিন হক
প্রেমিকশূন্য নগরী
আমি আমার দুচোখে কাপড় বেঁধে
অন্ধের মতো ভালোবেসেছি তোমাকে।
আর তুমি ভালোবাসার মিথ্যা মায়ায়
তুমুল আবেগে ফাঁসিয়েছ আমাকে।
আমার ভালোবাসার সাগরে ডুব দিয়েছ
গুপ্তধন কুক্ষিগত করার আশায়।
সাগর শুষে মূল্যবান সম্পদ আহরণ করে
ভালোবাসার নামে বাণিজ্যে নামলে।
মায়ার শহরের অলিতে-গলিতে
নামকরা ব্যবসায়ী হয়ে উঠলে।
তুমি বুঝলে না প্রিয়,
হিসেব কষে ব্যবসা হয়,
সত্যিকারের ভালোবাসা নয়।
ভালোবাসার বিনিময়ের নেই শেষ,
আজীবন
থেকে যায় তার রেশ।
ছায়ার বিপাকে দৃষ্টি ক্ষীণ হয়ে এসেছে,
এখন আর দেখি না তোমাকে।
দেখি শুধু তোমার বাণিজ্যিকভাবে গড়া
মিথ্যা ভালোবাসার ভঙ্গুর শহর।
যতবার তোমাকে খুঁজেছি,
ততবারই পেয়েছি প্রেমিকশূন্য নগরী।






