আগামীর সময়

চাঁদার জন্য ট্রাক চালককে মারধরের দাবি বিভ্রান্তিকর, ভিডিওটি সিএনজি-ট্রাক সংঘর্ষের

চাঁদার জন্য ট্রাক চালককে মারধরের দাবি বিভ্রান্তিকর, ভিডিওটি সিএনজি-ট্রাক সংঘর্ষের

ছবিঃ আগামীর সময়

সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে দাবি করা হয়- চাঁদা না দেওয়ায় শ্রমিক দলের নেতাকর্মীরা এক ট্রাক ড্রাইভারকে মারধর করেছে। ভিডিওটি অনেকেই রাজনৈতিক সহিংসতার প্রমাণ হিসেবে প্রচার করছেন।

তবে অনুসন্ধানে দেখা গেছে, প্রচারিত দাবিটি সঠিক নয়। ভিডিওটির সাথে চাঁদা আদায় বা কোনো রাজনৈতিক সংগঠনের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়নি।

ভিডিওটির রিভার্স ইমেজ সার্চ করে দেখা যায়, গত ১০ ফেব্রুয়ারি “Dancer Faruk” নামের একটি ফেসবুক আইডি থেকে একই ভিডিও প্রকাশ করা হয়েছিল। ভিডিওটির ক্যাপশনে লেখা ছিল, “আমাদের সিএনজি মেরে দিছে ট্রাক দিয়ে তারপর গালাগালিও করছে ট্রাকের ড্রাইভার।”

ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, সড়কে একটি ট্রাক ও একটি সিএনজির মধ্যে সংঘর্ষ ঘটে। এ ঘটনায় দুই চালকের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে সিএনজি চালক ট্রাকে উঠে ট্রাক চালককে চড়-থাপ্পড় মারেন। এ সময় সিএনজি চালকের সঙ্গে থাকা আরেক ব্যক্তি পুরো ঘটনাটি ভিডিও ধারণ করেন এবং পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন।

অনুসন্ধানে কোথাও চাঁদা দাবি, শ্রমিক দলের সম্পৃক্ততা বা পরিকল্পিত হামলার কোনো প্রমাণ পাওয়া যায়নি। মূলত সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে তাৎক্ষণিক উত্তেজনা থেকে এই মারধরের ঘটনা ঘটে।

সুতরাং, চাঁদা না দেওয়ায় শ্রমিক দল ট্রাক চালককে মারধর করেছে- এমন দাবিতে প্রচারিত ভিডিওটি বিভ্রান্তিকর এবং বাস্তবতার সঙ্গে অসঙ্গত।

    শেয়ার করুন: