সৌদি আরবের রেড সি চলচ্চিত্র উৎসবের এবারের আসর স্থগিত
বিনোদন ডেস্ক

সৌদি আরবে অনুষ্ঠিতব্য রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২০২৬ সালের আসর স্থগিত করা হয়েছে। আয়োজক রেড সি ফিল্ম ফাউন্ডেশন জানিয়েছে, উৎসবটির ষষ্ঠ আসর আগামী বছর অর্থাৎ ২০২৭ সালের চতুর্থ প্রান্তিকে অনুষ্ঠিত হবে। তবে নির্দিষ্ট তারিখ এখনও ঘোষণা করা হয়নি।
জেদ্দায় আগামী ৩ থেকে ১২ ডিসেম্বর উৎসবটির ষষ্ঠ আসর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে পরবর্তী আসরের সময় নির্ধারণ এবং আন্তর্জাতিক পরিসরের এমন একটি আয়োজন পরিচালনার লজিস্টিক বিষয়গুলো পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।
রেড সি ফিল্ম ফাউন্ডেশন জানিয়েছে, ২০২৭ সালে নতুন পরিকল্পনা ও দৃষ্টিভঙ্গি নিয়ে উৎসবটি ফিরবে। এতে সৌদি আরব, মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশের চলচ্চিত্র ও নির্মাতাদের তুলে ধরা হবে।
তবে চলচ্চিত্র উৎসব স্থগিত হলেও ফাউন্ডেশনের অন্যান্য কার্যক্রম চলবে। রেড সি ফান্ড, রেড সি ল্যাবস ও অন্যান্য কর্মসূচির মাধ্যমে নির্মাতা ও চলচ্চিত্রশিল্পকে সহায়তা অব্যাহত রাখার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।
এ ছাড়া জেদ্দার ঐতিহাসিক এলাকায় অবস্থিত কালচার স্কয়ারে নভেম্বর থেকে বছরজুড়ে চলচ্চিত্র প্রদর্শনী, সাংস্কৃতিক আয়োজন ও চলচ্চিত্রশিল্প-সংশ্লিষ্ট বিভিন্ন কর্মসূচি চালুর পরিকল্পনা রয়েছে।
রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব সৌদি আরবের চলচ্চিত্র অঙ্গনে গুরুত্বপূর্ণ একটি আন্তর্জাতিক আয়োজন হিসেবে পরিচিত। সাম্প্রতিক বছরগুলোতে এতে শাহরুখ খান, সালমান খান, আমির খান, রণবীর সিংসহ ভারতীয় তারকারাও সম্মাননা পেয়েছেন।
উৎসব স্থগিতের বিষয়ে আয়োজকদের আনুষ্ঠানিক ঘোষণায় কোনো নির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি। তবে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি ও সাম্প্রতিক উত্তেজনার বিষয়টি আলাদাভাবে উল্লেখ করেছে।




